শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

আইপিএলের শুরুতে স্টার্ক-হ্যাজলউডের খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

আইপিএলের শুরুতে স্টার্ক-হ্যাজলউডের খেলা নিয়ে শঙ্কা

মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড আইপিএল ২০২৬ এর শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে। সামনে ব্যস্ত সূচি থাকায় শীর্ষ পেসারদের ওয়ার্কলোড ব্যবস্থায় নজর দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ফলে দিল্লি ক্যাপিটালসের স্টার্ক এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হ্যাজলউড যোগ দিলেন সেই তালিকায়, যেখানে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যেই আছেন, যারা পুরো বা আংশিকভাবে আইপিএল মিস করতে পারেন।


বিজ্ঞাপন


এর আগে সানরাইজার্স হায়দরাবাদ হয়ে প্যাট কামিন্স টুর্নামেন্টের শুরুর দিক থেকে ছিটকে গেছেন। একই দলের জ্যাক এডওয়ার্ডস পুরো আসর থেকেই ছিটকে গেছেন। এছাড়া চেন্নাই সুপার কিংসের নাথান এলিস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে  নাও খেলতে পারেন।

পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন মৌসুমে মাত্র একটি টেস্ট খেলতে পেরেছিলেন কামিন্স। ২০২৫ সালের জুলাইয়ের পর ডিসেম্বরের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টই ছিল তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ।

অন্যদিকে হ্যাজলউড পুরো অ্যাশেজ সিরিজই মিস করেছেন হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যার কারণে। যদিও গত বছর দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের কিছু ম্যাচ খেলেছেন, তবুও গত কয়েক মাস ধরে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন।

স্টার্ক অবশ্য অ্যাশেজে অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র ছিলেন। পাঁচটি টেস্টেই খেলেছেন এবং ৩১ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন, যেখানে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জেতে। মৌসুমের শেষ দিকে বিগ ব্যাশ লিগেও খেলেছেন তিনি।


বিজ্ঞাপন


টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি স্টার্ক। সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। কামিন্স ও হ্যাজলউডও ওই আসর মিস করেছিলেন।

আগামী আগস্ট ২০২৬ থেকে জুলাই ২০২৭ পর্যন্ত অস্ট্রেলিয়া সর্বোচ্চ ২১টি টেস্ট খেলতে পারে, তাই পেসারদের ফিট রাখা এখন বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, ২৮ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা চলবে মে মাসের শেষ পর্যন্ত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর