শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

তারকা ফুটবলারকে বরখাস্ত করল ইরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

তারকা ফুটবলারকে বরখাস্ত করল ইরান

ইরানের তারকা ফুটবলার সর্দার আজমুনকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সরকারের প্রতি ‘অবিশ্বস্ত আচরণ’-এর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে আসন্ন বিশ্বকাপে তার খেলা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬–এর আয়োজকদের একটি দেশ যুক্তরাষ্ট্র, আর সেই দেশটির সঙ্গেই ইরানের চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


বিজ্ঞাপন


যদি শেষ পর্যন্ত ইরান জাতীয় ফুটবল দল গ্রুপপর্বে খেলতে নামে, তাহলে আজমুনের অনুপস্থিতি বড় ধাক্কা হবে। ২০১৪ সালে অভিষেকের পর থেকে ৯১ ম্যাচে ৫৭ গোল করা এই স্ট্রাইকার দলের অন্যতম ভরসা ছিলেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিতে খেলেন আজমুন। সম্প্রতি দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম–এর সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিতর্কে জড়ান তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান সংযুক্ত আরব আমিরাতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর রয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলেও দাবি করা হয় যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় দলের ভেতরের একটি সূত্রের বরাতে আজমুনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

পরে আজমুন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেই ছবি মুছে ফেললেও সমালোচনা থামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে ফুটবল বিশ্লেষক মোহাম্মদ মিসাঘি তার আচরণকে ‘অবিশ্বস্ততা’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, “সময় বুঝে কী আচরণ করা উচিত, সেই বোধটুকুও তার নেই—এটা দুর্ভাগ্যজনক। জাতীয় দলের জার্সি পরার যোগ্যতা তার নেই বলেই মনে করি।”


বিজ্ঞাপন


এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফুটবল ফেডারেশন ইসলামিক রিপাবলিক অব ইরান। ৩১ বছর বয়সী আজমুন ইরানের সবচেয়ে পরিচিত ফুটবলারদের একজন। ক্লাব ক্যারিয়ারে জেনিত সেন্ট পিটার্সবার্গ, বায়ার লেভারকুসেন এবং রোমার মতো ক্লাবে খেলেছেন তিনি। পাশাপাশি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও ইরানের প্রতিনিধিত্ব করেছেন।

অন্যদিকে, একটি বেসরকারি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আজমুনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আরেক জাতীয় দলের খেলোয়াড় মেহদি ঘায়েদি এবং সাবেক আন্তর্জাতিক সোরুশ রাফিয়েইর সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইরান তুরস্কের আনতালিয়ায় ২৭ মার্চ নাইজেরিয়া এবং চার দিন পর কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর