আইপিএল- ২০২৬ এর শুরুর দিকে সানরাইজার্স হায়দরাবাদ–এর অধিনায়কত্ব করবেন ইশান কিশান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স চোট থেকে সেরে উঠছেন বলে তাকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে। ফলে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন কিশান। তার সহকারী হবেন অভিষেক শর্মা।
জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার ছাড়পত্র নিয়ে ২৩ মার্চ হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স। ২৮ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে হায়দরাবাদ।
বিজ্ঞাপন
কামিন্স না ফেরা পর্যন্ত এটি হবে এমন এক মৌসুম, যেখানে শুরুতে সব দলই ভারতীয় অধিনায়কের অধীনে খেলবে। ২০১৯ সালে একমাত্র বিদেশি অধিনায়ক ছিল হায়দরাবাদে, তখন প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনের বদলে দায়িত্ব সামলেছিলেন ভুবনেশ্বর কুমার। এবারও কামিন্স কবে পুরোপুরি ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, শুরুর কয়েকটি ম্যাচ অন্তত মিস করতে পারেন তিনি।
দীর্ঘদিন ধরেই পিঠের ‘লম্বার স্ট্রেস’ সমস্যায় ভুগছেন কামিন্স। অস্ট্রেলিয়ার ঘরের মৌসুমে তিনি খেলতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচ- অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে। সেই ম্যাচে দুই ইনিংসে ৩৪ ওভারে ৬ উইকেট নিয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে রাখতে এবং অ্যাশেজ ধরে রাখতে সাহায্য করেছিলেন।
অন্যদিকে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কিশান ও অভিষেক- যদিও আইপিএলে এর আগে কেউই অধিনায়কত্ব করেননি।২০২৫ সালের নিলামের আগে ১১.২৫ কোটি রুপিতে কিশানকে দলে ভেড়ায় হায়দরাবাদ। প্রথম মৌসুমেই ১৫২.৫৮ স্ট্রাইক রেটে ৩৫৪ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। দলের হয়ে অভিষেক ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করেছিলেন, আর মৌসুমের শেষ দিকে খেলেছিলেন ৯৪ রানের ইনিংস।
আইপিএল ২০২৬–এ নামার আগে দুর্দান্ত ছন্দে আছেন কিশান। বছরের শুরুতে জাতীয় দলে ফিরে ১৩টি টি-টোয়েন্টিতে করেছেন ৫৩২ রান, গড় ৪০.৯২, স্ট্রাইক রেট ২০৭। বিশ্বকাপেও করেছেন তিনটি অর্ধশতক। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে কিশান ও অভিষেক- দুজনই পেয়েছিলেন অর্ধশতকের দেখা, যা ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।

