চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ শেষ হতেই স্পষ্ট হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের পুরো সূচি। সবচেয়ে আলোচিত লড়াই হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ এর মুখোমুখি হওয়া। লিগ পর্বে খুব একটা ছন্দ ছিল না লস ব্লাঙ্কোসদের, প্লে-অফ পেরিয়েই উঠতে হয়েছে শেষ ষোলোতে। তবে সেখানে এসে ম্যানচেস্টার সিটিকে সহজেই বিদায় করেছে তারা।
এই ফর্মই ধরে রাখতে হবে আলভারো আরবেলোয়ার দলকে। কারণ সামনে অপেক্ষা করছে দুর্দান্ত ছন্দে থাকা বায়ার্ন। আটালান্টার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১০–২ গোলের বড় জয় তুলে নিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। এবারের শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই ধরা হচ্ছে জার্মান জায়ান্টদের- মাদ্রিদের জন্য সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষাও এটিই।
বিজ্ঞাপন
অন্যদিকে শিরোপার দৌড়ে থাকা আরেক দল আর্সেনাল লিগ পর্বে ছিল একেবারে নিখুঁত, প্রতিটি ম্যাচেই জয়। শেষ ষোলোর প্রথম লেগে বায়ার লেভারকুসেন এর সঙ্গে ড্র করে সেই ধারায় ছেদ পড়ে। তবে ফিরতি লেগে স্বস্তিদায়ক জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে মিকেল আর্তেতার দল। এবার তাদের প্রতিপক্ষ স্পোর্টিং সিপি, যারা বোডো/গ্লিম্টের বিপক্ষে ৩–০ পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে ৫–৩ ব্যবধানে জিতেছে।

দারুণ প্রত্যাবর্তন করে গালাতাসারাইকে হারানোর পুরস্কার হিসেবে লিভারপুল পেয়েছে কঠিন প্রতিপক্ষ- বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই। আগের রাউন্ডে চেলসির জালে আট গোল দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে পিএসজি।
গত মৌসুমের শেষ ষোলোর লড়াইয়েও মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রথম লেগে অ্যাওয়েতে ১–০ ব্যবধানে জিতেছিল লিভারপুল, কিন্তু সেই ম্যাচ থেকেই পিএসজির সামর্থ্য নিয়ে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত পেনাল্টিতে জিতে পরের রাউন্ডে ওঠে দলটি এবং পরে শিরোপাও জিতে নেয়। এদিকে পুরোপুরি স্প্যানিশ লড়াই হিসেবে বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটিও হতে যাচ্ছে দারুণ জমজমাট।
বিজ্ঞাপন
টটেনহ্যামের বিপক্ষে প্রথম লেগে ৫–২ ব্যবধানে বড় জয়ের সুবাদেই মূলত পরের রাউন্ড নিশ্চিত করে অ্যাটলেটিকো। কারণ ফিরতি লেগে ৩–২ ব্যবধানে হারলেও শেষ পর্যন্ত এগিয়ে থাকে তারা।
অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেড এর বিপক্ষে কঠিন লড়াই করেই এগিয়েছে বার্সেলোনা। প্রথম লেগ ড্র হলেও দ্বিতীয় লেগে ৭–২ গোলের বড় জয় তুলে নেয় তারা। এবার সুযোগ রয়েছে মাসের শুরুতে কোপা দেল রে সেমিফাইনালে অ্যাটলেটিকোর কাছে হারের প্রতিশোধ নেওয়ার- যেখানে দ্বিতীয় লেগে ৩–০ জিতেও প্রথম লেগের ৪–০ ব্যবধান কাটিয়ে উঠতে পারেনি কাতালানরা।

