বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

শিরোপা কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ সেনেগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

শিরোপা কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ সেনেগাল

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সেনেগাল। দেশটির ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তকে “অন্যায়, নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছে।

ঘটনার সূত্রপাত জানুয়ারির ১৮ তারিখে রাবাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে। সেই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে জয় নিশ্চিত করেছিল সেনেগাল। কিন্তু নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় ১৪ মিনিটের জন্য মাঠ ছাড়ে দলটি।


বিজ্ঞাপন


এই ওয়াক-অফের পর আবার খেলায় ফেরে সেনেগাল। মরক্কো পেনাল্টি মিস করলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়, যেখানে পাপে গেয়ের গোলে জয় পায় সেনেগাল।

তবে পরবর্তীতে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আফ্রিকান ফুটবল ফেডারেশন এর আপিল বোর্ড জানায়, ম্যাচ চলাকালীন মাঠ ছাড়ার মাধ্যমে টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করেছে সেনেগাল। ফলে তাদের অযোগ্য ঘোষণা করে ম্যাচটি ৩-০ গোলে মরক্কোর পক্ষে দেওয়া হয়।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা তাদের অধিকার রক্ষায় সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত কোর্ট অব আরবিট্রেশন স্পোর্টে আপিল করবে।

ম্যাচের সময় রেফারির সিদ্ধান্ত ও খেলা চালিয়ে যাওয়ার বিষয়টিও এখন আলোচনায়। ফুটবলের নিয়ম অনুযায়ী, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত- এ বিষয়টি সেনেগালের পক্ষে গুরুত্বপূর্ণ যুক্তি হতে পারে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ২০১৯ সালেও একই ধরনের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছিল, যখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওয়াক-অফের ঘটনায় শেষ পর্যন্ত আদালতের রায়ে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন। সব মিলিয়ে, এই সিদ্ধান্ত আফ্রিকান ফুটবলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং এখন সবার নজর কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের পরবর্তী রায়ের দিকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর