বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফুটবল সূচিতে। এর ফলে আর্জেন্টিনার দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল হয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এবং কাতারের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ দুটিই আর হচ্ছে না।

তবে ফাঁকা থাকা সূচিতে নতুন প্রতিপক্ষ ঠিক করেছে আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ তারা মুখোমুখি হবে গুয়াতেমালার বিপক্ষে। ম্যাচটির ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর ধারণা এটি বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


ভেন্যু হিসেবে ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়াম পাওয়া যাচ্ছে না, কারণ সেখানে আগে থেকেই একটি কনসার্ট নির্ধারিত রয়েছে। বিকল্প হিসেবে দুটি স্টেডিয়াম বিবেচনায় রয়েছে, যার মধ্যে লা বোম্বোনেরাকে অনেকেই ‘লাকি ভেন্যু’ হিসেবে দেখছেন। উল্লেখযোগ্যভাবে, ২০২২ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচটিও হয়েছিল এই মাঠেই।

এর আগে উইয়েফা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে কাতারের লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত ফিনালিসিমা ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়। 

এই পরিবর্তনের ফলে একটি ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো তারা চার বছরের বিশ্বকাপ চক্রে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপের আগে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটিই হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ প্রস্তুতি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর