কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ মানুষের মৃত্যুর ঘটনায় অনিশ্চয়তার মুখে পড়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে ভ্রমণ জটিলতাও বাড়িয়েছে এই অনিশ্চয়তা।
আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা পিএসএলের নতুন আসর, যা শুরু হবে আইপিএলের মাত্র দুই দিন আগে। তবে বর্তমান পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়রা পুরো মৌসুমে অংশ নেবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার- স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েল, এবারের পিএসএলে খেলার কথা রয়েছে। এছাড়া কোচিং স্টাফেও আছেন টিম পেইন ও জেসন গিলেস্পির মতো পরিচিত নাম।তবে অস্ট্রেলিয়া সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিলেও পেশোয়ার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। চলমান সংঘাতের কারণে শহরটিকে ‘ভ্রমণ না করার’ তালিকায় রাখা হয়েছে।
এতে করে ২৮ মার্চ ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি দলের ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুই দলেই অস্ট্রেলিয়ান খেলোয়াড় রয়েছেন- জালমিতে অ্যারন হার্ডি এবং রাওয়ালপিন্ডি দলে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। প্রতিবেদন অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সরিয়ে নেওয়ার জন্য বিশেষ বিমানের ব্যবস্থাও রাখা হয়েছে।
অন্যদিকে, আফগানিস্তানের ক্রিকেটাররাও পিএসএলের নিলাম থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। শুরুতে মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, ফজলহক ফারুকিদের মতো খেলোয়াড়রা নাম নিবন্ধন করলেও পরে তারা সরে দাঁড়ান। জানা গেছে, পেশোয়ার জালমির সরাসরি রহমানুল্লাহ গুরবাজকে দলে নেওয়ার ঘটনায় সৃষ্ট বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত।
সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা শঙ্কা এবং খেলোয়াড়দের অনিশ্চয়তা- সবকিছু মিলিয়ে এবারের পিএসএল আয়োজন নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

