আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দলের পেসার হর্ষিত রানা আসন্ন মৌসুমের বড় একটি অংশ মিস করতে পারেন বলে জানা গেছে।
হাঁটুর অস্ত্রোপচারের পর এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন রানা। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো তার ফেরার নির্দিষ্ট সময় ঠিক করেনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে গিয়ে চোট পান তিনি, পরে অস্ত্রোপচারের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।
বিজ্ঞাপন
তার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা, কারণ ইতিমধ্যেই ইনজুরি সমস্যায় ভুগছে কলকাতা। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাও কাফ ইনজুরিতে ভুগছেন। এদিকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়তে হয়েছে দলটিকে বোর্ডের নির্দেশনায়। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে।
এমন পরিস্থিতিতে বোলিং বিভাগে বিকল্প হিসেবে থাকছেন বৈভব অরোরা, আকাশ দীপ, উমরান মালিক, কার্তিক ত্যাগি এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও রামানদীপ সিং। আগামী ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে কলকাতা। এরপর নিজেদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে তারা।
মৌসুম শুরুর আগেই একাধিক ইনজুরি ও দলবদলের ধাক্কা সামলে কলকাতা নাইট রাইডার্স কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।

