সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

বাংলাদেশ সিরিজে হার

পাকিস্তানের নির্বাচক কমিটিতে ‘সার্জারি’ চান শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের নির্বাচক কমিটিতে ‘সার্জারি’ চান শহীদ আফ্রিদি

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান দলের নির্বাচক কমিটিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য সরাসরি দায়ী নির্বাচকরাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ সফরেও সিরিজ হারায় পাকিস্তান, আর এর দায় নির্বাচক কমিটির ওপরই বর্তায়।


বিজ্ঞাপন


আফ্রিদি বলেন, “২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স দেখেছেন, এরপর বাংলাদেশ সিরিজও আমরা ২–১ ব্যবধানে হেরেছি। আমার মতে, নির্বাচক কমিটির সমালোচনা হওয়া উচিত। আপনারা সবাই এত ক্রিকেট খেলেছেন, তবু এখনও বুঝতে পারছেন না কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত।”

দলের পুনর্গঠনের নামে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই অলরাউন্ডার। তার অভিযোগ, পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়াই তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে খেলানো হচ্ছে। তিনি বলেন, “আপনারা ‘সার্জারি’ করার নামে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন। কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা তরুণদের তুলে আনছেন। অথচ আমাদের ঘরোয়া ক্রিকেটের মান এমন নয় যে সেখান থেকে নিয়মিতভাবে জাতীয় দলের জন্য প্রস্তুত খেলোয়াড় পাওয়া যাবে।”

অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দেওয়ার সিদ্ধান্তেও হতাশা প্রকাশ করেন আফ্রিদি। তার মতে, যারা ওয়ানডেতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করছিলেন, তাদেরও ‘সার্জারি’র অজুহাতে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “যেসব সিনিয়র ক্রিকেটার সত্যিই দলে থাকার যোগ্য ছিল, টি–টোয়েন্টিতে হয়তো তাদের পারফরম্যান্স ভালো ছিল না, কিন্তু ওয়ানডেতে তাদের রেকর্ড খুব ভালো ছিল। তবুও ‘সার্জারি’র নামে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।”

আফ্রিদির মতে, বর্তমানে দলের পরিকল্পনায় সুস্পষ্ট কোনো কৌশল নেই এবং বারবার নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ায় দল অস্থির হয়ে পড়ছে। তিনি বলেন, “আপনারা এমন তরুণদের দলে নিচ্ছেন যারা মাত্র কয়েকটি ঘরোয়া বা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। ঘরোয়া ক্রিকেটের মানও খুব বেশি নয়। ফলে তারা সরাসরি পাকিস্তান দলে এসে জায়গা পাকা করার মতো প্রস্তুত নয়। একের পর এক পাকিস্তান ক্যাপ দেওয়া হচ্ছে- এটা কোনো সার্জারি নয়। আসলে যদি সার্জারি দরকার হয়, সেটা হওয়া উচিত নির্বাচক কমিটিতে।”


বিজ্ঞাপন


বাংলাদেশের কাছে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে ১১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ওই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে ২৯০ রান তোলে। ওপেনার সাইফ হাসান (৩৬) ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটি দলকে ভালো সূচনা এনে দেয়। তানজিদ ১০৭ রানের সেঞ্চুরি করেন, আর তাওহিদ হৃদয় অপরাজিত ৪৮ ও লিটন দাস ৪১ রান যোগ করেন।

জবাবে পাকিস্তান শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। পরে সালমান আলি আগা ৯৮ বলে ১০৬ রানের লড়াকু ইনিংস খেলেন। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি করেন ৩৭ রান। এ ছাড়া অভিষিক্ত সাদ মাসুদ ৩৮, গাজি ঘোরি ২৯ ও আবদুল সামাদ ৩৪ রান করলেও শেষ পর্যন্ত ২৭৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলে লক্ষ্য থেকে ১১ রান দূরেই থেমে যায় তাদের ইনিংস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর