সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

‘ভালোবাসা দেখিয়ে, ভালোবাসি বলে আমাদের হারিয়ে দিল বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

‘ভালোবাসা দেখিয়ে, ভালোবাসি বলে আমাদের হারিয়ে দিল বাংলাদেশ’

পাকিস্তান ক্রিকেট দলের ওপর বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে সিরিজ জয়ের পর সাবেক ওপেনার আহমেদ শেহজাদের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। তিনি মনে করেন, পাকিস্তান দল বারবার একই ভুল করে চলেছে এবং বাংলাদেশের কাছে 'ভালোবাসা' দেখিয়ে হার মেনে নিচ্ছে।

সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী হয়েছে। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও নির্ণায়ক ম্যাচে বাংলাদেশ ২৯০/৫ রান করে। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি (১০৭) ছিল দলের সর্বোচ্চ স্কোরের মূল ভিত্তি। জবাবে পাকিস্তান ২৭৯ রানে অলআউট হয়, যদিও সালমান আলি আগার সেঞ্চুরি (১০৬) ছিল উল্লেখযোগ্য। এতে বাংলাদেশ ১১ রানে জয় পায় এবং সিরিজ নিজেদের করে নেয়।


বিজ্ঞাপন


এই হারের পর আহমেদ শেহজাদ একটি ভিডিও বার্তায় তার হতাশা ও রাগ প্রকাশ করেন। তিনি বলেন, ''ক্রিকেটে কিছু ঘটনা এমন হয় যা বিশ্বাস করা কঠিন। এমনও দিন এসেছে বাংলাদেশ এখানে (পাকিস্তান) এসে টেস্ট সিরিজ হারিয়ে দিয়েছে। তখনও তারা খুব ভালোবাসা দেখিয়ে, ‘ভালোবাসি’ বলে, খেলাটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে জয় নিয়ে চলে গেছে। এরপর আমাদের বেশ অপমানও সহ্য করতে হয়েছে।''

সেই সিরিজের পর আমূল পরিবর্তনের কথা বলেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সেগুলোর কিছুই কার্যকর হয়নি বললেন পাকিস্তানের সাবেক এই তারকা। শেহজাদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করে বলেন,''তারপর বড় হইচই শুরু হলো। এবার নাকি আর এমন কিছু হবে না, পাকিস্তান ক্রিকেটের ভাগ্য নাকি বদলে যাবে, বড় বড় সংস্কার হবে। পাঁচজন মেন্টর আনা হলো, তিন স্তরের নতুন কাঠামো বানানো হলো- দেখা যাবে এবার কী হয়। কিন্তু কী হলো? শুধু সময়ই কেটে গেল। একটি করুণ বিশ্বকাপ অভিযানের পরও কোনো বাস্তব পরিবর্তন দেখা গেল না।'' 

সিরিজ নির্ধারনের ম্যাচে টস জিতে পাকিস্তান আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রশ্ন তোলেন। তার মতে, নতুন ব্যাটিং লাইনআপ থাকায় অভিজ্ঞ বোলারদের দিয়ে প্রথমে বোলিং করে টার্গেট ছোট করা উচিত ছিল। কিন্তু তারা উল্টোটা করেছে।

“আমাকে বলুন তো, আজ টস জিতে ফ্লাডলাইটের নিচে বোলিং করলেন না কেন? যখন আপনার পুরো ব্যাটিং লাইনআপ নতুন ও অনভিজ্ঞ ছিল, তখন তো আপনার বোলিং ছিল অভিজ্ঞ। সেটাকে ব্যবহার করে ডিফেন্ড করতে গেলেন না কেন? ফলাফল- ২৯০ রান খেয়ে বসে আছেন। এভাবে কী হয়? পৃথিবীর সব দল নিজেদের শক্তির জায়গা ব্যবহার করেই ম্যাচ জেতে। আর আপনারা কী করলেন? সব দায়িত্ব বাচ্চাদের ওপর চাপিয়ে দিলেন। টস জিতেই চুপচাপ বললেন- ‘হেডস, হেডস… খুব ভালো, আমরা আগে বোলিং করব।’ কেন?”


বিজ্ঞাপন


দল বাছাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেন শেহজাদ, “কেন এই তরুণদের এত দ্রুত সামনে এনে এক্সপোজ করছেন? এরপর আবার ছয়-আটটা টুইট করিয়ে দেবেন, “বড় ভালো দল বাছাই হয়েছে। আল্লাহর দোহাই লাগে... আপনারা আসলে কী করছেন? এত ম্যাচ খেলার পরও একই পক্ষপাতিত্ব। নিজের লোককে ঢুকিয়ে দাও- এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর