সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান দলকে তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার মতে, বর্তমান পারফরম্যান্সের কারণে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে এখন জিম্বাবুয়ের সমপর্যায়ের দল হিসেবেই দেখছে অনেকেই।

টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরও দল বা পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন না আনার সমালোচনা করেন তিনি। রোববার ঢাকায় সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে হেরে যায় পাকিস্তান, ফলে সিরিজটি ২–১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ।


বিজ্ঞাপন


নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, “টি–টোয়েন্টি বিশ্বকাপে এত খারাপ পারফরম্যান্সের পরও কোনো পরিবর্তন করা হয়নি। হঠাৎ করে নতুন খেলোয়াড় এনে খেলানো হচ্ছে। এখন সিরিজ হারার পর আবার তরুণ দল নামানোর অজুহাত দেওয়া হচ্ছে। নিজের ভুল স্বীকার না করলে কখনোই এগোনো যায় না।”

বাংলাদেশ সফরের এই ওয়ানডে সিরিজে খেলেননি পাকিস্তানের দুই তারকা ব্যাটার বাবর আজম ও ফখর জামান। দলীয় অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছিলেন, তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে প্রধান নির্বাচক আকিব জাভেদ দাবি করেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া চোটের কারণেই তারা এই সিরিজে খেলতে পারেননি।

তৃতীয় ম্যাচে টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন শেহজাদ। তার মতে, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে আগে ব্যাট করাই উচিত ছিল। তিনি বলেন, “টস জেতার পর কেন বোলিং নিলে? উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আগে ব্যাট করে রান তুলে পরে আলোয় বোলিং করা উচিত ছিল। সিনিয়র খেলোয়াড়রা যদি এমন সিদ্ধান্ত নেয়, তাহলে তরুণদের কাছ থেকে কী আশা করা যায়?”

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান তোলে। জবাবে পাকিস্তান ইনিংসের শুরুতেই ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। যদিও সালমান আলি আগা ৯৬ বলে ১০৬ রানের লড়াকু ইনিংস খেলেন, তবুও দলকে জয়ের কাছে নিতে পারেননি।


বিজ্ঞাপন


শেষ দিকে পাকিস্তান দলকে কড়া ভাষায় সমালোচনা করে শেহজাদ বলেন, “তোমরা এখন সহযোগী দলের মতো হয়ে যাচ্ছ। মানুষ এখন পাকিস্তানকে জিম্বাবুয়ের মতোই দেখছে। এরপর আবার বলো রানরেটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছ। একটু তো লজ্জা থাকা উচিত।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর