ম্যাচের শুরুতে দুটি পেনাল্টি থেকে গোলের পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করলেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নৈপুণ্যে সেভিয়াকে উড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রইল বার্সেলোনা।
রোববার লা লিগায় কাম্প নউয়ে সেভিয়াকে ৫-২ গোলে হারায় হানসি ফ্লিকের দল। কাতালান ক্লাবটির হয়ে বাকি দুটি গোল করেন দানি ওলমো ও জোয়াও কানসেলো।
বিজ্ঞাপন
গত অক্টোবরে সেভিয়ার মাঠে প্রথম লেগে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে চলতি লিগে প্রথম হারের স্বাদ পেয়েছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দারুণ জয়ে ২৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। গত শনিবার ঘরের মাঠে এলচেকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা।
পেনাল্টি থেকে ম্যাচের নবম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন রাফিনিয়া। ২১তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ৩৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ওলমো। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এক গোল শোধ করে সেভিয়া।
বিরতির পর ষষ্ঠ মিনিটে তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। এবারের লিগে এটি তার প্রথম হ্যাটট্রিক, গোল সংখ্যা ১১টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তার গোল সংখ্যা ১৭টি।
ম্যাচের এক ঘণ্টার মাথায় বার্সেলোনার শেষ গোলটি করেন কানসেলো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল করতে পারে সেভিয়া।
বিজ্ঞাপন
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে আগামী বুধবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগ ১-১ সমতায় শেষ হয়েছিল।

