ঘরের মাঠে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে ২-১ ব্যবধানে হারিয়ে বড় এক সুখবর পেল বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেল টাইগাররা। ১০ নম্বর থেকে সরাসরি ৯ নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল, পেছনে ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার (১৫ মার্চ) সিরিজের নির্ণায়ক ম্যাচে টাইগাররা পাকিস্তানকে মাত্র ১১ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয়। এই জয়ের ফলে রেটিং পয়েন্ট ৭৬ থেকে লাফ দিয়ে ৭৯-এ পৌঁছেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ এখন ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নেমে গেছে। পাকিস্তান অবশ্য ১০২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে।
বিজ্ঞাপন
এই উন্নতি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে বাংলাদেশকে অনেকটা এগিয়ে দিয়েছে। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে (আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া) জায়গা করে নিতে পারলে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত। পাকিস্তানকে হারানোর এই জয়টি তাই শুধু সিরিজ জয় নয়, ভবিষ্যতের জন্য বড় মাইলফলক।
বাংলাদেশের সিরিজের শুরুটা ছিল দারুণ, প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয়। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ডিএলএস মেথডে ১২৮ রানে হারতে হয়। কিন্তু শেষ ম্যাচে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, তাসকিন আহমেদের ৪ উইকেট এবং মুস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ ৩ উইকেটের সমন্বয়ে ২৯০ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে ২৭৯-এ আটকে রাখে টাইগাররা।

