সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

আমি দলে থাকি বা না থাকি, ব্রাজিলের জন্য শুভকামনা: নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

আমি দলে থাকি বা না থাকি, ব্রাজিলের জন্য শুভকামন: নেইমার

সান্তোস ও করিন্থিয়ানসের মধ্যকার উত্তেজনাপূর্ণ ডার্বি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ভিলা বেলমিরো স্টেডিয়ামে রবিবার রাতে ব্রাজিলিয়ান সিরি আ-র এই হাইভোল্টেজ লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চাপা উত্তেজনা বিরাজ করেছে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ১৮ মিনিটে করিন্থিয়ানস এগিয়ে যায়। মেম্ফিস ডিপাই দুর্দান্ত এক গোলে সান্তোসের গোলরক্ষককে পরাস্ত করেন, যার অ্যাসিস্ট ছিল কাইও সিজারের। এর মাত্র তিন মিনিট পরই সান্তোস সমতা ফিরিয়ে আনে। নেইমারের অ্যাসিস্ট থেকে গাব্রিয়েল বারবোসা (গাবিগোল) গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে সান্তোসের জন্য বড় ধাক্কা আসে। লুয়ান পেরেস দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, যা দলকে ১০ জনের করে দেয়। এরপর করিন্থিয়ানস সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগানোর চেষ্টা করলেও সফল হয়নি। রনি একাই মাঠ চষে বেড়িয়ে দলের ঘাটতি পূরণের চেষ্টা করেন।

নেইমারের পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে। দীর্ঘ ইনজুরি থেকে ফেরা এই সুপারস্টার ম্যাচে সমতাসূচক গোলের অ্যাসিস্ট করলেও সামগ্রিকভাবে তার খেলায় ছন্দের অভাব লক্ষ্য করা গেছে। তিনি মাত্র দুটি শট নেন, যার মধ্যে ফ্রি-কিকগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। পাসের নিরিখেও তিনি কিছুটা পিছিয়ে ছিলেন। বিপক্ষের কড়া মার্কিংয়ে তাকে বেগ পেতে হয়েছে। বিশ্বকাপের আগে এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, কিন্তু পুরোপুরি সফল হননি বলে মনে করা হচ্ছে।

ম্যাচ শেষে নেইমার মাঠের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের ভালো খেলার সামর্থ্য ছিল, কিন্তু পিচের বেহাল দশা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যা খেলাকে প্রভাবিত করেছে। এটা ক্লাব ম্যানেজমেন্টের দায়িত্ব। ডার্বির মতো ম্যাচে এমন অবস্থা হওয়া উচিত নয়। তবে ১০ জনের দলে ড্র করা খারাপ ফল নয়।”

এটি ছিল কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলের প্রীতি ম্যাচ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের শেষ ক্লাব ম্যাচ। আনচেলত্তির সহকারী এবং গোলকিপিং কোচ ম্যাচে উপস্থিত ছিলেন। জাতীয় দলে ফেরার প্রসঙ্গে নেইমার বলেন, “আমি বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়ে কাজ করছি। সিদ্ধান্ত কোচিং স্টাফের। দলে থাকি বা না থাকি, সেলেসাওদের জন্য শুভকামনা রইল।”


বিজ্ঞাপন


এই ড্রয়ের পর সান্তোস পয়েন্ট টেবিলে মধ্যম সারিতে রয়েছে, আর এই ফলাফল দুই দলের জন্যই মিশ্র অনুভূতি এনে দিয়েছে।

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর