সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল এই ম্যাচে।

শুরুতে কাতারের লুসাইল স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছিল এবং ২৭ মার্চ ম্যাচটি আয়োজনের পরিকল্পনাও ছিল। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়ায় শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


এক বিবৃতিতে উয়েফা জানায়, “উয়েফা ও কাতারের আয়োজকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর আজ জানানো হচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ইউরো ২০২৪ জয়ী স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি ২৭ মার্চ কাতারে আয়োজন করা সম্ভব হচ্ছে না।”

Screenshot_2026-03-15_201353

এই ম্যাচটি হলে ফুটবল ভক্তরা দেখতে পেতেন তরুণ তারকা লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সম্ভাব্য একমাত্র মুখোমুখি লড়াই। এখন সেটি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে কেবল ২০২৬ বিশ্বকাপে। ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যু নিয়েও আলোচনা হয়েছিল। উয়েফা জানায়, প্রথমে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ২৭ মার্চ ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয় এবং দুই দলের সমর্থকদের জন্য ৫০–৫০ ভাগে আসন বরাদ্দের পরিকল্পনা ছিল। কিন্তু আর্জেন্টিনা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

এরপর দুই লেগে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়, একটি ম্যাচ মাদ্রিদে এবং অন্যটি বুয়েনস আইরেসে। কিন্তু এই প্রস্তাবও গৃহীত হয়নি। আরেকটি প্রস্তাবে নিরপেক্ষ ইউরোপীয় ভেন্যুতে ২৭ বা ৩০ মার্চ ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছিল, সেটিও আর্জেন্টিনা নাকচ করে দেয়। পরে ২০২৬ বিশ্বকাপের পর ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলে স্পেন জানায়, তখন তাদের সূচিতে সময় পাওয়া সম্ভব নয়।


বিজ্ঞাপন


শেষ পর্যন্ত আর্জেন্টিনা জানায় তারা কেবল ৩১ মার্চ ম্যাচ খেলতে পারবে। ফলে দুই পক্ষের সূচি মেলানো সম্ভব না হওয়ায় ম্যাচটি আয়োজনই সম্ভব হয়নি। ফিনালিসিমা পুনরায় আয়োজন করা হবে কি না, সেটিও অনিশ্চিত। ২০২৬ বিশ্বকাপের আগে দুই দলের সূচি প্রায় পূর্ণ। আবার বিশ্বকাপের পরও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও ম্যাচ থাকায় নতুন করে সময় বের করা কঠিন হতে পারে। তাই আপাতত ম্যাচটি পুরোপুরি বাতিল হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর