সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

তামিমের সেঞ্চুরির পরও তিনশ হলো না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

তামিমের সেঞ্চুরির পরও তিনশ হল না বাংলাদেশের

তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান করেছে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জেতায় এটি কার্যত নির্ধারণী ম্যাচ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান শুরু থেকেই সাবলীল ব্যাটিং করে পাকিস্তানি বোলারদের চাপে রাখেন। দুজন মিলে গড়েন ১০৫ রানের উদ্বোধনী জুটি। এর আগে তাদের ব্যাটে আসে প্রথম ৫০ রানের জুটি, যা বাংলাদেশকে মজবুত ভিত এনে দেয়। চমৎকার ব্যাটিং করা তানজিদ নিজের ষষ্ঠ ওয়ানডে অর্ধশতক তুলে নেন এবং তার ইনিংসেই দলের রান শতক পেরোয়।


বিজ্ঞাপন


অবশেষে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনি ৫৫ বলে ৩৬ রান করা সাইফ হাসানকে আউট করে ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর তানজিদের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারা আরেকটি ৫০ রানের জুটি গড়ে দলকে ১৫০ রানের ওপরে নিয়ে যান। ২৯.২ ওভারে হারিস রউফ শান্তকে আউট করে পাকিস্তানকে দ্বিতীয় সাফল্য এনে দেন। ৩৪ বলে ২৭ রান করেন শান্ত।

তবে অন্যপ্রান্তে অবিচল ছিলেন তানজিদ। তিনি দুর্দান্ত ব্যাটিং চালিয়ে গিয়ে তুলে নেন নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান করে আবরার আহমেদের বলে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। তখন বাংলাদেশের সংগ্রহ ৩৬.২ ওভারে ১৯৪/৩।

শেষ দিকে লিটন দাস ও তাওহিদ হৃদয় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দুজন মিলে ৬৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। লিটন দাস ৫১ বলে ৪১ রান করে হারিস রউফের বলে আউট হন। এরপর রউফ ইনসুইং ডেলিভারিতে রিশাদ হোসেনকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন।

শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় ৪৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। আফিফ হোসেন করেন ৫ রান। পাকিস্তানের হয়ে সেরা বোলিং করেন হারিস রউফ। ১০ ওভারে ৫২ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট নেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর