ভারতীয় ক্রিকেটে নতুন এক সাফল্যের অধ্যায় শুরু হয়েছে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক শিরোপা জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করেছে ভারত। এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত রোহিত মনে করছেন, ভারতের জয়যাত্রা এখনো কেবল শুরু।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে দারুণ পারফরম্যান্স করেও ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ভারতের। তবে সেই হতাশা কাটিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন হয়ে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখে ভারত।
বিজ্ঞাপন
শুধু পুরুষ দলই নয়, সাফল্যের আলো ছড়িয়েছে ভারতের নারী ক্রিকেট দলও। গত বছরের শেষ দিকে দেশের মাটিতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় তারা। অন্যদিকে সম্প্রতি সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ধরে রেখে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় ভারতের পুরুষ দল।
এই ধারাবাহিক সাফল্যে দারুণ গর্বিত রোহিত শর্মা। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা যে সাফল্য পাচ্ছি, তাতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। শুধু ছেলেদের দলই নয়, নারী দলও বিশ্বকাপ জয় করেছে, তা দেখতে পারা ছিল অসাধারণ। সম্প্রতি ছেলেদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তারা যা করেছে, তা অসাধারণ। আমি আশা করি এটা কেবলই শুরু, এখান থেকে আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, কারণ একবার মোমেন্টাম পেলে…আমরা প্রায়শই ক্রিকেটে মোমেন্টাম সম্পর্কে বলে থাকি, পুরুষ এবং মহিলা উভয় দলেরই থাকে, আশা করি আমরা এই মোমেন্টাম বয়ে নিয়ে যাব।’
রোহিত আরও বললেন, ‘সাফল্যের কোনও গোপন রহস্য নেই, এটি সম্পূর্ণ নির্ভর করে কঠোর পরিশ্রমের ওপর। আন্তর্জাতিক ক্রিকেটাররা– ছেলে এবং মেয়ে- তারা যা অর্জন করেছেন, সেটির জন্য তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছেন। অবশ্যই কেবল খেলোয়াড়রা মাঠে পারফর্ম করেন না, পর্দার আড়ালেও অনেক লোক আছেন, যারা এই সাফল্যের জন্য অনেক পরিশ্রম করেছেন। তাই অনেক মানুষ এবং কর্মীকে কৃতিত্ব দেওয়া উচিত।’

