পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশ। তবে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেই আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে হেরে বসে স্বাগতিকরা। আজ তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ম্যান ইন গ্রিনদের অধিনায়ক শাহিন আফ্রিদি। আগে ব্যাট করতে নেমে সাইফ হসান ও তানজিদ তামিম মিলে দুর্দান্ত এক উদ্বোধনী জুটি গড়ে তোলেন। এ জুটিতেই দলীয় একশ রানের সংগ্রহ পেরিয়ে যায় লাল-সবুজের দল। যদিও এরপরই উইকেটের দেখা পায় সফরকারীরা।
আগের ম্যাচে টসে হারা পাকিস্তান আজ টসে জিতে আগে বোলিং করছে। বল হাতে দারুণ ছন্দে আছেন সফরকারীর বোলাররা। শুরু থেকেই আঁটসাঁট বোলিংয়ে টাইগারদের দুই ওপেনার সাইফ ও তামিমকে হাত খুলে খুলতে দেওননি। যদিও ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন তামিম। টি-টোয়েন্টি মেজাজেই খেলছেন তিনি। ইতোমধ্যেই পেয়েছেন ব্যক্তিগত অর্ধশতকের দেখা।
বিজ্ঞাপন
একপ্রান্তে তামিম দ্রুত রান তুললেও অপরপ্রান্তে সাইফ খেলছিলেন ধীরেই। এ দুজনের জুটিতেই পাওয়ার প্লে তে স্কোরবোর্ডে ৫০ রান তোলে বাংলাদেশ। ৪৭ বলে ব্যক্তিগত ফিফটির করেন তামিম। এদিকে বাংলাদেশ দলীয় ১০০ রানের সংগ্রহ পেরিয়ে যায় ১৭.৪ ওভারে। তবে এরপরই ভাঙে উদ্বোধনী জুটি।
১০৫ রানের উদ্বোধনী জুটি গড়ে আউট হন সাইফ। শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৯ রান।

