ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে বেশ এগিয়ে গেছে আর্সেনাল। শেষ দিকের দুই গোলে শীর্ষস্থানে থাকা দলটির জয়ের রাতে পয়েন্ট খুঁইয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
শনিবার ঘরের মাঠে এভারটনের মাঠে ২-০ গোলের জয় পায় আর্সেনাল। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ভিক্টর ইয়োকেরেশের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে ইতিহাসের পাতায় নাম লেখান ম্যাক্স ডাউম্যান।
বিজ্ঞাপন
একের পর এক আক্রমণ চালানো আর্সেনালকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৯তম মিনিট পর্যন্ত। ৭৪তম মিনিটে বদলি নামা ডাউম্যানের ক্রস ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ার গায়ে লেগে আসা বল আনায়াসেই জালে জড়ান ইয়োকেরেশ।
যোগ করা সময়ের সপ্তম মিনিটে আসে ইতিহাস গড়া সেই মুহূর্ত। সমতায় ফেরার চেষ্টায় কর্নার কিকের সময় গোলরক্ষকসহ এভারটনের সবাই চলে যায় আর্সেনালের অর্ধে। সেখান থেকে বল পেয়ে দারুণ গতিতে ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন ১৬ বছর ৭৩ দিন বয়সী ডাউম্যান। এতদিন প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা ছিলেন এভারটনের জেমস ভন। ২০০৫ সালে ১৬ বছর ২৭০ দিন বয়সে গোল করেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড।
এছাড়া আর্সেনালের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ারও কীর্তি গড়েন ডাউম্যান। এতদিন এই রেকর্ডটি ছিল সেস ফাব্রেগাসের। ২০০৩ সালে লিগ কাপের ম্যাচে গানারদের হয়ে ১৬ বছর ২১২ দিন বয়সে গোল করেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে একাধিক সুযোগ হাতছাড়া করে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়ল গুয়ার্দিওলার দল। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। অন্যদিকে এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৬১।
বিজ্ঞাপন
৭১ শতাংশের সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নেওয়া সিটি লক্ষ্য রাখতে পারে কেবল ছয়টি। অন্যদিকে গোলের জন্য নেওয়া একমাত্র শটই জালে জড়ায় ওয়েস্ট হ্যাম। ৩১তম মিনিটে সিটিকে এগিয়ে দেন বের্নার্নদো সিলভা। ৪ মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। বিরতির পর একের পর এক আক্রমণ চালালেও তার কোনোটিই কাজে লাগাতে পারেননি আর্লিং হলান্দ, রায়ান শের্কি, ফিল ফোডেনরা।
লিগে সবশেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছেও পয়েন্ট হারিয়েছিল গুয়ার্দিওলার দল।

