পাকিস্তানের অলরাউন্ডার হুসাইন তালাত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গুরুতর চোটে পড়েছেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফিল্ডিং করার সময় তার বাঁ কাঁধে আঘাত লাগে।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে। লিটন দাসের একটি শট কভার বাউন্ডারির দিকে যাচ্ছিল। বলটি থামাতে দৌড়ে গিয়ে তালাত পিচ্ছিল প্যাডিংয়ে পা ফসকে পড়ে যান এবং বিজ্ঞাপনের বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে তার বাঁ কাঁধে প্রচণ্ড আঘাত পান। মাঠেই তিনি তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত মেডিকেল টিম এসে প্রাথমিক চিকিৎসা দেয় এবং স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তালাতের কাঁধের জয়েন্ট স্থানচ্যুত হয়ে গিয়েছিল। সফলভাবে জয়েন্টটি আবার সঠিক অবস্থানে ফিরিয়ে আনা হয়েছে। চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এবং পরে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
জানা যায়, চিকিৎসকদের মতে- এ ধরনের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে ১২ থেকে ১৪ সপ্তাহ সময় লাগতে পারে। প্রথমে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তালাত। এরপর ধাপে ধাপে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতে। সবকিছু ঠিকঠাক চললে প্রায় তিন মাসের মধ্যে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসতে পারেন বলে আশা করা হচ্ছে।

