শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

চমক রেখে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

চমক রেখে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ জার্সি উন্মোচন

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নতুন চমক নিয়ে হাজির হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। বিখ্যাত জর্ডান ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে সেলেসাওদের নতুন অ্যাওয়ে জার্সি, যা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নাইকের সহযোগী ব্র্যান্ড জর্ডান এর আগে ২০১৮ সাল থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে কাজ করে বেশ কিছু ব্যতিক্রমধর্মী জার্সি তৈরি করেছে। এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলেও তারা কাজ করছে এবং সেই সুযোগ পেয়েছে ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী দলের সঙ্গে।


বিজ্ঞাপন


নতুন জার্সির নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে আমাজনের বিখ্যাত ‘পয়জন ডার্ট ফ্রগ’ থেকে। ছোট এই ব্যাঙটির গায়ে থাকে উজ্জ্বল দাগ ও নকশা, যা থেকেই জার্সির ডিজাইনের ধারণা এসেছে। জার্সির মূল রঙ গাঢ় নেভি ও কালোর মিশ্রণ, আর এতে ব্যবহার করা হয়েছে হলুদ ও টারকয়েজ রঙের হাইলাইট।

brazil_new_jerssy
নাইকির জর্ডান ব্র্যান্ড আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো প্রবেশ করছে এবং ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপে অভিষেক করবে।

নতুন অ্যাওয়ে জার্সিতে ব্রাজিলের ঐতিহ্যবাহী নীল ও হলুদ রঙ রাখা হয়েছে। তবে ডিজাইনে যুক্ত করা হয়েছে বিখ্যাত ‘এলিফ্যান্ট প্রিন্ট’, যা ১৯৮৮ সালের এয়ার জর্ডান–৩ জুতার নকশা থেকে অনুপ্রাণিত। ‘এরো-ফিট’ প্রযুক্তিতে তৈরি হওয়ায় এটি আগের জার্সির তুলনায় প্রায় ১১ শতাংশ হালকা এবং বেশি বাতাস চলাচল উপযোগী। পাশাপাশি পরিবেশের কথা মাথায় রেখে শতভাগ পুনর্ব্যবহৃত টেক্সটাইল বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে জার্সিটি।

জার্সির কলারের ভেতরে গো ব্রাজিল লেখা একটি বিশেষ বার্তা যুক্ত করা হয়েছে। এছাড়া ব্রাজিলের ফুটবল ইতিহাসের গৌরব মনে করিয়ে দিতে দলের প্রতীকচিহ্নের ওপরে রাখা হয়েছে পাঁচটি তারকা, যা তাদের পাঁচটি বিশ্বকাপ জয়ের স্মারক।


বিজ্ঞাপন


652348439_1271035315161737_3235596370426289694_n

নতুন জার্সির উদ্বোধনী প্রচারণায় অংশ নিয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, পিএসজির অধিনায়ক মারকিনিয়োস এবং উদীয়মান তারকা এস্তেভাও। তাদের লক্ষ্য একটাই, বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের লড়াই।

উল্লেখ্য, শুরুতে ২০২৬ সালের অ্যাওয়ে জার্সি লাল রঙের করার পরিকল্পনা ছিল। তবে সেই ডিজাইন প্রকাশ্যে আসার পর সমর্থকদের বড় একটি অংশ আপত্তি জানায়। শেষ পর্যন্ত ব্রাজিলের ঐতিহ্য ধরে রেখে নীল রঙের জার্সিই চূড়ান্ত করা হয়।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে এই জার্সিতেই মাঠে নামবে কার্লো আনচেলোত্তির দল।

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর