রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বেড়েই চলেছে মেসির ৯০০ গোলের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

বেড়েই চলেছে মেসির ৯০০ গোলের অপেক্ষা

লিওনেল মেসির ক্যারিয়ারে আরেকটি ঐতিহাসিক মাইলস্টোনের অপেক্ষা আরও বাড়ল। ৯০০তম গোলের দ্বারপ্রান্তে থাকা আর্জেন্টাইন তারকা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে গোলের দেখা পাননি। ইন্টার মিওয়ামির ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে, ফলে মেসিকে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।

৩৮ বছর বয়সী মেসি পুরো ম্যাচজুড়ে ন্যাশভিলের ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ের মুখে পড়েন। তারা তাকে স্বাভাবিক খেলায় ফিরতে দেননি। ম্যাচের ৫৭তম মিনিটে মেসি দারুণ এক সুযোগ পেয়েছিলেন, ডি-বক্সের ডান দিক থেকে ডান পায়ের শট নেন, কিন্তু ন্যাশভিলের গোলরক্ষক অসাধারণভাবে সেটি ঠেকিয়ে দেন। অন্যদিকে, ৬৫তম মিনিটে ন্যাশভিলের রিড বাকের হোয়াইটিংয়ের হেড থেকে গোলের সম্ভাবনা জাগলেও ইন্টার মিয়ামির গোলরক্ষক সেন্ট ক্লেয়ার দারুণ সেভ করে ম্যাচটিকে গোলশূন্য রাখেন।


বিজ্ঞাপন


বৃষ্টির মধ্যেও ম্যাচে আধিপত্য ছিল মূলত রক্ষণভাগের। দুই দলই গোল এড়াতে সতর্ক ছিল, ফলে কোনো পক্ষই জালের দেখা পায়নি। দ্বিতীয় লেগ আগামী বুধবার মায়ামির হোম মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে মেসির ৯০০তম গোলের সম্ভাবনা আবারও জোরালো হয়ে উঠতে পারে।

গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে মেসি তার ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেন। এটি ছিল মিয়ামির হয়ে তার ৮০তম গোল। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকার ক্যারিয়ারের বেশিরভাগ গোলই এসেছে বার্সেলোনায়। সেখানে তিনি ৬৭২টি গোল করেছেন। পিএসজির হয়ে ৩২ গোল এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১১৫ গোল রয়েছে তার ঝুলিতে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর মেসিই দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের কীর্তি গড়তে চলেছেন। ন্যাশভিলের বিপক্ষে দ্বিতীয় লেগে সেই অপেক্ষার অবসান হতে পারে বলে ফুটবলপ্রেমীরা আশায় বুক বাঁধছেন।

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর