শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, “এই দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে কোনোভাবেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।”

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে। তবে ইরানের গ্রুপপর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রের শহরগুলোতে- লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলসহ- খেলার সূচি নির্ধারিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রথম ১২ দিনে ওই হামলায় ১,২৫৫ জন নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।


বিজ্ঞাপন


এর জবাবে তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দোনিয়ামালি বলেন, “আমাদের সন্তানরা নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো পরিবেশই নেই।”

তিনি আরও বলেন, “তারা ইরানের বিরুদ্ধে যে বিদ্বেষমূলক কাজ করেছে, তাতে গত আট–নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং হাজারো মানুষ নিহত হয়েছেন। তাই এমন টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব নয়।” ইরান সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে প্রকাশ্যে এমন মন্তব্য করলেন। এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও দেশটির অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

১ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, “এই হামলার পর আমরা কীভাবে আশা নিয়ে বিশ্বকাপের দিকে তাকাব? এমন পরিস্থিতিতে সুস্থ মস্তিষ্কের কেউ কি তাদের জাতীয় দলকে সেখানে পাঠাতে চাইবে?” তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে স্বাগত জানাবেন।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো। সামাজিক মাধ্যমে তিনি জানান, ওই আলোচনায় ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে ইরান দলকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বাছাইপর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে এই আসরের টিকিট নিশ্চিত করেছিল ইরান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর