ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার তারকা এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বেটিং কোম্পানির প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আর্জেন্টাইন এই গোলরক্ষক একটি আর্জেন্টাইন বেটিং কোম্পানির প্রচারণামূলক কনটেন্টে অংশ নিয়েছেন। ইংলিশ ফুটবলের নিয়ম অনুযায়ী সক্রিয় ফুটবলারদের বেটিং কোম্পানির বিজ্ঞাপনে সরাসরি অংশ নেওয়া নিষিদ্ধ, বিশেষ করে যদি তা খেলাধুলা সম্পর্কিত বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকে। এ কারণে বিষয়টি খতিয়ে দেখছে এফএ।
বিজ্ঞাপন
এফএ জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত। তবে এখন পর্যন্ত মার্টিনেজ, অ্যাস্টন ভিলা বা বেটিং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে আর্জেন্টাইন বেটিং প্রতিষ্ঠান বিপ্লের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন মার্টিনেজ। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগেরও একটি স্পন্সর।
প্রচারাভিযানে মার্টিনেজকে আর্জেন্টাইন ফুটবল সংস্কৃতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় তার ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে। সেই প্রচারণায় আর্জেন্টাইন ফুটবলের আরও কয়েকজন তারকার উপস্থিতি ছিল, যার মধ্যে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সাবেক টেনিস খেলোয়াড় ডিয়েগো শোয়ার্জম্যান।
প্রচার বার্তায় বেটিং বাজারের প্রসারের কথা উল্লেখ করা হলেও একই সঙ্গে বলা হয়েছে, জুয়া খেলার সুযোগ শুধুমাত্র ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য সীমিত থাকা উচিত।
বিজ্ঞাপন
তবে ইংলিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়রা বেটিং সংস্থার সরাসরি বিজ্ঞাপন বা প্রচারণায় অংশ নিতে পারেন না। যদিও ক্লাব পর্যায়ে অনেক সময় বেটিং কোম্পানি স্পন্সর হিসেবে যুক্ত থাকে, তবু খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে এমন প্রচারণা করা নিষিদ্ধ।
যদি তদন্তে মার্টিনেজের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে জরিমানা বা অন্য শাস্তির মুখে পড়তে হতে পারে। এর আগে ২০১৯ সালে ইয়েরি মিনা এভারটন-এ খেলার সময় একটি বেটিং বিজ্ঞাপনে অংশ নেওয়ায় ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।
এখন দেখার বিষয়, এফএর তদন্তে কী সিদ্ধান্ত আসে এবং মার্টিনেজের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কি না।
এসটি

