বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’

বাংলাদেশের মাঠে টাইগাররা সবসময়ই প্রতিপক্ষের কাছে সমীহের পাত্র। পাকিস্তানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। সিরিজ শুরুর আগের দিন (১০ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশ দলকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। এছাড়া পাকিস্তানের হেড কোচ মাইক হেসনও গতকাল লিটন দাস ও মুস্তাফিজুর রহমানদের প্রশংসা করেছেন।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও তার আগে টানা চারটি সিরিজে হার মেনেছে টাইগাররা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে সিরিজ হারের ধাক্কা সামলাতে পারেনি দল। সর্বশেষ ১০টি ওয়ানডে সিরিজের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি সাতটিতেই পরাজয়।


বিজ্ঞাপন


তবে ঘরের কন্ডিশনে বাংলাদেশকে অবহেলা করার সুযোগ কমই থাকে। শাহিন আফ্রিদি বলেন, “প্রত্যেক দলই নিজেদের মাঠে সবচেয়ে শক্তিশালী হয়। বাংলাদেশ একটি ভালো দল এবং তারা ঘরের মাঠে দারুণ ক্রিকেট খেলে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও তারা হারিয়েছে। আমরাও নিজেদের প্রস্তুত রেখেছি। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডেতে আমরা ভালো খেলেছি। এই ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের লক্ষ্য।”

এই সিরিজে পাকিস্তান দলে ছয়জন ক্রিকেটার অভিষেকের অপেক্ষায় রয়েছেন। উল্লেখযোগ্যভাবে অভিজ্ঞ বাবর আজমের জায়গা হয়নি দলে। এ প্রসঙ্গে শাহিন বলেন, “কাউকে বাদ দেওয়া হয়নি। আমরা তরুণদের সুযোগ দিতে চেয়েছি, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশের বিপক্ষে তাদের পরখ করে দেখতে চাই। সময়মতো তারা নিজেদের ভূমিকা বুঝে নেবে এবং ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে। এটি তাদের দক্ষতা প্রমাণের বড় সুযোগ।”

তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা নিয়ে আফ্রিদি যোগ করেন, “অনেকেরই এখানে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে। শাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহসহ গত বছরও কয়েকজন এখানে খেলেছে। কন্ডিশন ও পিচ সম্পর্কে তারা জানে, তাই মানিয়ে নিতে সুবিধা হবে। আশা করি তারা সেরাটা দিতে পারবে।”

মুস্তাফিজুর রহমানের কথা উঠলে শাহিন বলেন, “মুস্তাফিজকে আমাদের ব্যাটাররা ভালোভাবে চেনে। সাম্প্রতিক টি-টোয়েন্টি ও পিএসএলে তার বিপক্ষে খেলেছে তারা। তাই খুব বেশি চিন্তার কিছু নেই। পরিস্থিতি বুঝে তারা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবে।”


বিজ্ঞাপন


একাদশ নির্বাচন নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, “এক ম্যাচে ১৫ জন খেলতে পারে না। দলের চাহিদা ও পিচের অবস্থা বিবেচনায় সেরা ১১ জনকেই মাঠে নামানো হবে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর