বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নতুন চেহারার দল নিয়ে এসেছে পাকিস্তান। সফরকারী দলের নেতৃত্বে আছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম এবং তরুণ অলরাউন্ডার সাইম আইয়ুবের।
পাকিস্তানের এই দলে এখনো পর্যন্ত ওয়ানডে অভিষেক না হওয়া ছয়জন ক্রিকেটার রয়েছেন। তরুণদের বেশি সুযোগ দেওয়ার লক্ষ্যেই দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক আফ্রিদি।
বিজ্ঞাপন
বুধবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাবর আজমকে দলে না রাখার বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন আফ্রিদি। সমালোচনার বিষয়ে তিনি বলেন, এই সিরিজের জন্য কাউকে বাদ দেওয়া হয়নি, বরং ভবিষ্যতের কথা ভেবেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘দেখুন, এই সিরিজের জন্য কাউকে বাদ দেওয়া হয়নি। আমরা শুধু তরুণদের সুযোগ দিতে চাই। তারাও আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে তাদের সুযোগ দেওয়া হচ্ছে। সময় এলে সবাই নিজেদের ভূমিকা বুঝবে। আমরা আসলে বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করছি। তরুণদের জন্য এটা নিজেদের দক্ষতা দেখানোর ভালো সুযোগ।’
কোচ মাইক হেসনের দাবি, বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হয়নি, বরং ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বাজিয়ে দেখার লক্ষ্যেই টিম ম্যানেজমেন্ট এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি পাকিস্তান। সেই ব্যর্থতার পরপরই তারা ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে। তাই বাংলাদেশের মাটিতে দলটি কেমন পারফর্ম করবে, তা নিয়েও ক্রিকেট মহলে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
শাহিন আফ্রিদি বলেন, ‘অবশ্যই। যে কোনো দলই নিজেদের মাঠে শক্তিশালী থাকে। বাংলাদেশও ভালো দল এবং ঘরের মাঠে তারা ভালো ক্রিকেট খেলে। তারা ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে আমরা প্রস্তুত। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলেছি। সেই ধারাই ধরে রাখতে চাই।’

