সাবেক ভারতীয় লেগ স্পিনার এবং আইপিএল ক্রিকেটার অমিত মিশ্রর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেছেন তার স্ত্রী গরিমা তিওয়ারি। ৩৫ বছর বয়সী মডেল গরিমা কানপুরের অতিরিক্ত সিভিল জজ (সিনিয়র ডিভিশন) আদালতে এই অভিযোগ দাখিল করেন। অভিযোগে দাবি করা হয়েছে যৌতুকের জন্য হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার মতো গুরুতর অভিযোগ। এমনটায় জানায় ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গরিমা তার স্বামী অমিত মিশ্র ছাড়াও তার পরিবারের পাঁচ সদস্যকে অভিযুক্ত করেছেন। এর মধ্যে রয়েছেন মা বীণা মিশ্র, বাবা শশীকান্ত মিশ্র, ভাই অমর মিশ্র, ভাবি রিতু মিশ্র এবং বোন স্বাতী মিশ্র।
বিজ্ঞাপন
গরিমা সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৯ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে অমিতের সঙ্গে তার পরিচয় হয়। প্রায় তিন বছরের সম্পর্কের পর ২০২১ সালের ২৬ এপ্রিল কানপুর ক্লাবে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই যৌতুকের দাবি শুরু হয়।
অভিযোগ অনুসারে, অমিত ও তার পরিবার একটি হোন্ডা সিটি গাড়ি এবং ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গরিমার পরিবার বিয়ের সময় ২.৫ লাখ টাকা দিতে সক্ষম হয়েছিল, কিন্তু তারপরও চাপ অব্যাহত ছিল। অমিত নাকি মদ্যপ অবস্থায় প্রায়ই মারধর করতেন, অশালীন ভাষায় গালাগালি দিতেন এবং কয়েকদিন খাবার না দিয়ে রাখতেন। তার মডেলিং থেকে আয় করা অর্থ কেড়ে নেওয়া হতো এবং নিয়মিত তালাকের হুমকি দেওয়া হতো। এসবের ফলে গরিমা গভীর হতাশায় ভুগে তার মডেলিং ক্যারিয়ার ছেড়ে দিতে বাধ্য হন।
গরিমার দাবি, নির্যাতনের চরম পর্যায়ে তিনি একবার ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং হাসপাতালে ভর্তি হন। তিনি একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানালেও অমিতের প্রভাবের কারণে কোনো এফআইআর নথিভুক্ত হয়নি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি।
তাঁর আইনজীবী করিম আহমেদ সিদ্দিকি বলেন, ‘পুলিশের কাছে বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা করা হয়েছে।’
বিজ্ঞাপন
এটি গরিমা তিওয়ারির পক্ষ থেকে অমিত মিশ্রর বিরুদ্ধে তৃতীয় মামলা। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল গার্হস্থ্য হিংসার মামলা দায়ের। ২৩ এপ্রিল ভরণপোষণর আবেদন, যেখানে মাসিক ৫০ হাজার টাকা ভাতা এবং ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।
অমিত মিশ্র বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (আরবিআই) কর্মরত। এই ঘটনায় তার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদালত এখন মামলার শুনানি শুরু করবে বলে জানা গেছে।
এসটি

