২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে ক্রিকেট বিশ্বে আলোচনা চলছে কিউইদের বড় টুর্নামেন্টে ফাইনালে বারবার পৌঁছেও শিরোপা জিততে না পারার ইতিহাস নিয়ে।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেস তারকা ডেল স্টেইন মনে করেন, বড় ম্যাচে ব্যর্থতার কারণে “চোকার্স” তকমাটি শুধু দক্ষিণ আফ্রিকার নয়, বরং নিউজিল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় স্টেইন বলেন, সবাই সাধারণত দক্ষিণ আফ্রিকাকেই চোকার্স বলে, কিন্তু বাস্তবে নিউজিল্যান্ডও অনেক ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, “সত্যি বলতে গেলে, নিউজিল্যান্ডের কথা বলতে হবে। সবাই দক্ষিণ আফ্রিকাকে চোকার্স বলে, কিন্তু নিউজিল্যান্ড নিজেরাও খুব বেশি বিশ্বকাপ জেতেনি। তারা আমাদের চেয়ে বেশি ফাইনালে খেলেছে। তাই দয়া করে এবার জিতো।” স্টেইন মজা করেই বলেন, যদি নিউজিল্যান্ড এবারও না জেতে, তাহলে তিনি আনুষ্ঠানিকভাবে “চোকার্স” তকমাটি তাদের হাতে তুলে দেবেন।
তিনি আরও বলেন, “নইলে আমি আনুষ্ঠানিকভাবে এই তকমা তোমাদের কাছে হস্তান্তর করব, এটা তোমাদের। আমি নিউজিল্যান্ডকে খুব পছন্দ করি, কিন্তু তারা ভারতের বিপক্ষে জিতবে বলে মনে করি না। জিততে হলে ভারতের বড় ধরনের ভুল করতে হবে। আমি চাই তারা জিতুক, কিন্তু সত্যি বলতে ভারতের বিপক্ষে জেতা কঠিন।”
২০০০ সালে আইসিসি নকআউট ট্রফি জেতার পর নিউজিল্যান্ড মোট আটটি আইসিসি ফাইনালে উঠেছে। কিন্তু এর মধ্যে মাত্র একটি শিরোপা জিতেছে- ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেখানে তারা ভারতকে হারিয়েছিল। অন্যদিকে এবি ডি ভিলিয়ার্সও নিউজিল্যান্ড নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন। তিনি ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা স্মরণ করেন, যেখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল।
ডি ভিলিয়ার্সের মতে, ওই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর মতো শক্তি নিউজিল্যান্ডের ছিল না। তার বিশ্বাস, সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার বদলে যদি দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠত, তাহলে অস্ট্রেলিয়াকে হারাতে পারত। তিনি বলেন, “২০১৫ সালে আমি নিউজিল্যান্ডের ওপর রাগান্বিত ছিলাম। তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারত না। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পারত শুধু দক্ষিণ আফ্রিকাই।”

