শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

নারী রেফারিকে অশালীন মন্তব্য, ১২ ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

নারী রেফারিকে অশালীন মন্তব্য, ১২ ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফুটবলার

ব্রাজিলের ক্লাব ফুটবলে নারী রেফারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শাস্তির মুখে পড়েছেন রেড বুল ব্রাগানতিনোর ডিফেন্ডার গুস্তাভো মার্কুয়েস। ব্রাজিলের একটি ক্রীড়া আদালত তাকে ১২ ম্যাচ নিষিদ্ধ করেছে। পাশাপাশি তাকে ৩০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৫ হাজার ৭০০ ডলার) জরিমানাও করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২১ ফেব্রুয়ারি। সাও পাওলোর বিপক্ষে সাও পাওলো রাজ্য লিগের কোয়ার্টার ফাইনালে ২–১ গোলে হারের পর ম্যাচ শেষে রেফারি ডায়ানি মুনিজকে নিয়ে মন্তব্য করেন ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার। সে সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ ম্যাচে একজন নারীকে রেফারির দায়িত্ব দেওয়া ঠিক হয়নি।


বিজ্ঞাপন


তার এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি তদন্তের পর সাও পাওলো রাজ্যের ক্রীড়া আদালত তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এই নিষেধাজ্ঞা শুধু সাও পাওলো স্টেট ফুটবল ফেডারেশনের অধীনে আয়োজিত প্রতিযোগিতার জন্য প্রযোজ্য। ফলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলতে তার কোনো বাধা নেই।

সমালোচনার মুখে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান মার্কুয়েস। তিনি বলেন, ‘ম্যাচের পর তিনি খুবই নার্ভাস ছিলেন এবং এমন কথা বলেছেন যা বলা উচিত হয়নি। তিনি রেফারি ডায়ানি মুনিজ ও ম্যাচের নারী সহকারী রেফারির কাছেও ক্ষমা চেয়েছেন।’

মার্কুয়েস আরও জানান, ‘তার স্ত্রী ও মা-ও তার মন্তব্যের সমালোচনা করেছেন। তাই তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।’

এদিকে আদালতের রায়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কুয়েস বা তার ক্লাব রেড বুল ব্রাগানতিনো। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাবটি শাস্তি হিসেবে তার বেতনের ৫০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্তও নিয়েছে।


বিজ্ঞাপন


এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর