শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

উত্তর কোরিয়ার কাছে হারায় লজ্জার কিছু দেখছেন না বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

উত্তর কোরিয়ার কাছে হারায় লজ্জার কিছু দেখছেন না বাংলাদেশ কোচ

মেয়েদের এএফসি এশিয়ান কাপে গ্রুপের দুই শক্তিশালী দলের বিপক্ষে দুই ধরণের পারফরম্যান্স করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াইয়ের ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার সঙ্গে কোনো লড়াই করতে পারেনি ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। তবে এশিয়ার অন্যতম সেরা দলের বিপক্ষে এমন পারফরম্যান্সে লজ্জার কিছু দেখছেন না কোচ পিটার বাটলার।

সিডনিতে শুক্রবার ‘বি’ গ্রুপের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল হজম করে তারা। শক্তিমত্তা ও শারীরিক দিক দিয়ে প্রতিপক্ষের চেয়ে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ এদিন গোলের জন্য একটি শটও নিতে পারেনি। তবে এতে শিষ্যদের কোনো দায় দিচ্ছেন না বাটলার। তাদের প্রচেষ্টায় গর্বিত এই কোচ জানান, তার দল ফুটবলের আসল শিক্ষা পেয়েছে। 


বিজ্ঞাপন


“আজ আমরা একটি অসাধারণ দলের বিপক্ষে খেলেছি। সম্ভবত এশীয় ফুটবলের অন্যতম সেরা, যদি সেরা নাও হয়। আমরা সত্যিকারের ফুটবলের শিক্ষা পেয়েছি। টেকনিক ও টেকনিক্যাল সক্ষমতার দিক থেকে উত্তর কোরিয়া আজ আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে ছিল। আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি এবং ৫-০, ৬-০ বা ৭-০ গোলে হেরে যাওয়া কোনো লজ্জার বিষয় নয়।”

“আমি মেয়েদের সমালোচনা করতে পারি না। কারণ আমরা সেই স্তরে নেই এবং আমাদের নিজেদের কাছে সৎ হতে হবে। আমি মেয়েদের প্রচেষ্টায় এবং তারা যা করেছে তার জন্য গর্বিত। তারা একঝাঁক চমৎকার মেয়ে। কিন্তু আপনি যদি উত্তর কোরিয়ার প্রোফাইল দেখেন – তাদের সামর্থ্য, কৌশল এবং শারীরিক উপস্থিতি, আমরা তাদের আটকাতে পারছিলাম না। এটি একটি সম্পূর্ণ অসম লড়াই ছিল। দুর্ভাগ্যবশত আমার মনে হয়েছে আমাদের কিছু মেয়ে রোদে নুয়ে পড়েছিল এবং আমরা আসলে নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি। কিন্তু এমন একটি সত্যিই ভালো দলের কাছে হার লজ্জার কিছু নয়।”

প্রথমার্ধে উত্তর কোরিয়ার তিনটি গোল বাতিল ছাড়াও মিলি আক্তারের দুর্দান্ত কিছু সেভ পরাজয়ের ব্যবধানটা বড় হয়নি বাংলাদেশের। ২০ বছর বয়সী এই গোলরক্ষকের পারফরম্যান্সের প্রশংসায় বাটলার বলেন, “মিলি দারুণ ব্যক্তিত্বের অধিকারী এবং সে একজন সৈনিক। তার জেদ ও উদ্দীপনার প্রশংসা আপনাকে করতেই হবে। তার সাথে কাজ করা দারুণ, সে এই সুযোগটি পাওয়ার যোগ্য এবং মেয়েটির জন্য আমার কেবল প্রশংসাই আছে।”

“এশিয়ান কাপের মতো এই স্তরে আসার পর আমাদের গোলকিপিং বিভাগটি একটি দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মিলির ভবিষ্যৎ উজ্জ্বল। তাকে কেবল কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং মাটিতে পা রেখে চলতে হবে, খুব বেশি রোমাঞ্চিত হওয়া যাবে না।”


বিজ্ঞাপন


আগামী সোমবার পার্থে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর