টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এই জয়ের পর পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের আগের মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার নবজিত সিং সিধু।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারায় ভারত। এই জয়ের ফলে আগামী ৮ মার্চ ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে সিধু বলেন, ‘অনেকেই আগে থেকে নানা ধরনের ভবিষ্যদ্বাণী করে থাকেন। তাদের ভবিষ্যদ্বাণী মিললে তারা বড়াই করেন, আর না মিললে বলেন এটা শুধু অনুমান ছিল। এ ধরনের মানুষরা সব সময় নিজেকে খুব জ্ঞানী দেখানোর চেষ্টা করে।’
সিধু আরও বলেন, ‘এরা আসলে ভুয়া বাবা। তারা বলেছিল ভারত সেমিফাইনালেই উঠতে পারবে না। বলেছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাবে। কিন্তু সঞ্জু স্যামসনের আগমনে সেই দুই দলই বিদায় নিয়েছে। আবার বলেছিল ইংল্যান্ড ভারতকে হারাবে, কিন্তু শেষ পর্যন্ত ছিটকে গেছে ইংল্যান্ডই।’
এর আগে মোহাম্মদ আমির মন্তব্য করেছিলেন, ভারত সেমিফাইনালে উঠতে কঠিন লড়াইয়ে পড়বে এবং ইংল্যান্ড তাদের বিপক্ষে সহজ জয় পাবে।
তবে ভারতের কাছে হারের পর আমির বলেন, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একটি ক্যাচ মিস করাই ইংল্যান্ডের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। তার মতে,‘ভারত ভালো খেলেছে এবং তাদের কৃতিত্ব দিতেই হবে। তবে ইংল্যান্ড একটি ক্যাচ ফেলেছে। ফর্মে থাকা ব্যাটারকে জীবন দিলে ম্যাচ জেতা কঠিন। ব্রুক যদি স্যামসনের ক্যাচটি ধরতে পারত, তাহলে ইংল্যান্ড হয়তো ১৯তম ওভারেই ম্যাচটি জিতে নিতে পারত।’
বিজ্ঞাপন
এসটি

