মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার প্রত্যাশিত ফিনালিসিমা ম্যাচের ভাগ্য এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ম্যাচটি, যেখানে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (লিওনেল মেসির নেতৃত্বে) মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের (লামিন ইয়ামালসহ তরুণ তারকাদের দল)। এই ম্যাচটি কনমেবল-উয়েফা কাপ অফ চ্যাম্পিয়নস নামে পরিচিত।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে, যার লক্ষ্য হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশে ইরানের মিসাইল ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
এর ফলে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) দেশের সব ধরনের ফুটবল টুর্নামেন্ট, প্রতিযোগিতা ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের কারণে দোহায় আয়োজিত হওয়ার কথা থাকা ফিনালিসিমা ম্যাচ নিয়েও বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
উয়েফা এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, ‘বর্তমানে, কোন বিকল্প ভেন্যু বিবেচনা করা হচ্ছে না। আগামী সপ্তাহের শেষদিকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যাশিত।’
অর্থাৎ, যদি নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে ম্যাচটি স্পেন বা ইউরোপের অন্য কোনো দেশে (যেমন লন্ডন, রোম বা মিলান) স্থানান্তরিত হতে পারে। কারণ দুই দলের অধিকাংশ খেলোয়াড়ই ইউরোপীয় ক্লাবে খেলেন।
লুসাইল স্টেডিয়াম ২০২২ বিশ্বকাপ ফাইনালের আয়োজক ছিল, এবং কাতারের সঙ্গে উয়েফার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশেষ করে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফির উয়েফা এক্সিকিউটিভ কমিটির সদস্য থাকার কারণে। তবুও বর্তমান যুদ্ধাবস্থায় নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
উয়েফা জানিয়েছে, ‘ম্যাচটি সফল করার জন্য স্থানীয় আয়োজকরা প্রচুর প্রচেষ্টা চালাচ্ছেন। আমাদের তাদের সাথে আলোচনা চলছে।’
এসটি
এসটি

