ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রায় ১৬ মাস পর জায়গা পেয়েছেন আফিফ হোসেন।
২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন আফিফ। এরপর পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় দল থেকে বাদ পড়েন তিনি। তবে গত কয়েক মাস ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করছেন এই বাঁহাতি ব্যাটার।
বিজ্ঞাপন
সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে এবং অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে দারুণ পারফরম্যান্স করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে দলে ফেরানো হয়েছে।
সবশেষ ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। দলে ফেরানো হয়েছে লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নাহিদ রানা, শরিফুল ইসলামকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
আগামী ১১ মার্চ শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর সোয়া দুইটা থেকে।
বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

