আফগানিস্তান ক্রিকেটে টি–টোয়েন্টি নেতৃত্বে এসেছে পরিবর্তন। দীর্ঘদিন দায়িত্ব পালন করা রশিদ খানের পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই সিদ্ধান্তের পাশাপাশি টি–টোয়েন্টি ও ওয়ানডে দুই ফরম্যাটের দলও ঘোষণা করেছে।
এর আগে টি–টোয়েন্টি দলে রশিদ খানের সহকারী অধিনায়ক ছিলেন ইব্রাহিম জাদরান। তবে হঠাৎ করে নেতৃত্ব থেকে রশিদকে সরিয়ে দেওয়ার নির্দিষ্ট কারণ এখনও জানায়নি বোর্ড। তার অধিনায়কত্বে আফগানিস্তান মোট ৪৮টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ২৬টিতে জয় পেয়েছে দলটি। যদিও সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আফগানদের।
বিজ্ঞাপন
নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরান এর আগে ১১টি ম্যাচে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। এবার পূর্ণ দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কা সিরিজে দলকে নেতৃত্ব দেবেন এই ওপেনার। আসন্ন সিরিজের দল ঘোষণায় কিছু চমকও রয়েছে। টি–টোয়েন্টি ও ওয়ানডে দুই দল থেকেই বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব এবং মোহাম্মদ ইশাক।
অন্যদিকে ১৩ মার্চ শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন নুর রহমান, শরাফুদ্দিন আশরাফ এবং ফরিদ আহমেদ মালিক। ওয়ানডে দলে ফিরেছেন ফরিদ আহমেদ মালিক। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জিয়া।
সবশেষ ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন পেসার বিলাল সামি। পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া এই ডানহাতি পেসার ওয়ানডে দলে জায়গা ধরে রাখলেও টি–টোয়েন্টি স্কোয়াডে তাকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। রিজার্ভ দলে আরও আছেন নাঙ্গেয়াল খারোটি ও ইজাজ আহমেদ।
টি-টোয়েন্টি স্কোয়াড- ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নুর রহমান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নুর আহমেদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও আবদুল্লাহ আহমেদজাই।
বিজ্ঞাপন
ওয়ানডে স্কোয়াড- হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারোটি, আল্লাহ গজনফর, জিয়া উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও বিলাল সামি।

