বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

হোটেলে নারী কর্মীর সঙ্গে অসদাচরণের শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

হোটেলে নারী কর্মীর সঙ্গে অসদাচরণের শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

শ্রীলঙ্কার ক্যান্ডিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে হোটেলে এক নারী কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে পাকিস্তান দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে। ঘটনাটি পরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও তাকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।

টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচের আগে এই ঘটনা ঘটে। ওই সময় পাকিস্তান দলের এক ক্রিকেটার হোটেলের নারী হাউসকিপিং কর্মীর সঙ্গে অসদাচরণ করেন।


বিজ্ঞাপন


দল–সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, “শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শেষ সুপার এইট ম্যাচের আগে বিশ্বকাপ দলে থাকা এক পাকিস্তানি ক্রিকেটার হোটেলের নারী হাউসকিপিং কর্মীর সঙ্গে অসদাচরণ করেন।”

আরও বলা হয়, “ওই নারী কর্মী চিৎকার করে সাহায্য চান। পরে হোটেলের অন্য কর্মীরা এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে জানানো হয়।”

ঘটনার পর ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা ওই ক্রিকেটারের হয়ে ক্ষমা চান। পরে অসদাচরণের জন্য তাকে জরিমানা করা হয়। প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেতরেও আলোচনা হচ্ছে এবং সংশ্লিষ্ট ক্রিকেটারকে শৃঙ্খলা কমিটির সামনেও হাজির হতে হতে পারে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পাঁচ রানে জিতলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। পরে রোববার ও সোমবার ধাপে ধাপে দেশে ফিরেছে দলটি। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বিদেশ সফরে পাকিস্তানি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আগেও উঠেছে। গত বছর ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনস দলের তরুণ ব্যাটার হায়দার আলিকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে প্রমাণের অভাবে তাকে মুক্তি দেওয়া হয়।


বিজ্ঞাপন


এ ছাড়া কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে দলের ম্যাসিউর মালাং আলির বিরুদ্ধেও এক নারী কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে এবং তাকে জরিমানা করা হয়েছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর