টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত নিউজিল্যান্ড। দলের ওপেনার ফিন অ্যালেন বলেছেন, এই জয় তাদের জন্য “বড় আত্মবিশ্বাসের উৎস”, যা ফাইনালের আগে দলকে বাড়তি শক্তি দেবে। কলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে নিউজিল্যান্ড ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। ১৭০ রানের লক্ষ্য তারা তুলে নেয় মাত্র ১২.৫ ওভারে।
এই ম্যাচেই ইতিহাস গড়েন অ্যালেন। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড গড়েন তিনি। ইনিংসজুড়ে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণের কথা তুলে ধরে অ্যালেন বলেন, “ওরা খুব লড়াকু দল। আমাদের ওপর চাপ তৈরি করতে পারে। তাদের দলে লম্বা ও দ্রুতগতির বোলার আছে, তাই খেলাটা কঠিন হয়ে যায়।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “পুরো টুর্নামেন্টজুড়ে ওরাই ছিল সবচেয়ে ছন্দে থাকা দল। তাই তাদের হারাতে পারাটা আমাদের জন্য বিশাল আত্মবিশ্বাসের ব্যাপার, বিশেষ করে ফাইনালের আগে।” ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে ভারত অথবা ইংল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
নিজের ইনিংস নিয়ে অ্যালেন বলেন, “আমার মনে হয় বাবা–মা পুরো ম্যাচটাই জেগে দেখেছেন। আশা করি তারা গর্বিত।” নিউজিল্যান্ড সময় অনুযায়ী ফাইনালটি শুরু হবে ভোররাতে। এ নিয়ে অ্যালেন বলেন, “দেশের মানুষের জন্য সময়টা কঠিন। তবু আশা করি সবাই আমাদের সমর্থন দেবে। হয়তো অনেকে সোমবার ছুটি নিয়ে ফাইনালটা দেখবে।”
এই ম্যাচে অ্যালেনের সঙ্গে ওপেনিং জুটিতে ১১৭ রান যোগ করেন টিম সাইফার্ট, যিনি করেন ৫৮ রান। সাইফার্টকে নিয়ে অ্যালেন বলেন, “সে দুর্দান্ত ফর্মে আছে, অসাধারণ ক্রিকেটার। তাকে ব্যাট করতে দেখলে আমার কাজটা সহজ হয়ে যায়। মনে হয় যেন সেরা আসনে বসে খেলা দেখছি।”
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলাও দলকে প্রস্তুত হতে সাহায্য করেছে বলে মনে করেন অ্যালেন। তার ভাষায়, “বিশ্বকাপের আগে ভারতের সেই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কঠিন উইকেটে পাঁচটা ম্যাচ খেলার অভিজ্ঞতাই বড় ম্যাচে আমাদের প্রস্তুত করেছে।”

