বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

ঘুষ দেওয়ার অভিযোগে ম্যাগুয়ারের ১৫ মাসের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

ঘুষ দেওয়ার অভিযোগে ম্যাগুয়ারের ১৫ মাসের কারাদণ্ড

গ্রিসের মাইকোনোস দ্বীপে ২০২০ সালের একটি ঘটনার জেরে নতুন করে সাজা পেয়েছেন হ্যারি ম্যাগুয়ার। গ্রিসের একটি আদালত তাকে ১৫ মাসের স্থগিত কারাদণ্ড দিয়েছেন।

ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ফুটবলারকে ২০২০ সালে প্রথম বিচারে ২১ মাস ১০ দিনের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছিল। তখন তার বিরুদ্ধে বারবার শারীরিক আঘাত, ঘুষ দেওয়ার চেষ্টা, সরকারি কর্মচারীর ওপর সহিংসতা এবং অপমানের অভিযোগ প্রমাণিত হয়েছিল। তবে রায়ের পরদিনই তার আইনজীবীরা আপিল করেন। গ্রিসের আইনে আপিল করার ফলে আগের সেই দণ্ড বাতিল হয়ে যায় এবং পুরো মামলার নতুন করে বিচার শুরু হয়।


বিজ্ঞাপন


নতুন করে শুরু হওয়া এই বিচার কয়েক দফা পিছিয়ে যায়। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার শুনানি স্থগিত হওয়ার পর শেষ পর্যন্ত বুধবার সিরোসে বিচার প্রক্রিয়া আবার শুরু হয়। বিচার শেষে আদালত সিদ্ধান্ত দেয় যে ম্যাগুয়ার তুলনামূলক কম গুরুতর হামলা, গ্রেপ্তার প্রতিরোধ এবং ঘুষ দেওয়ার চেষ্টার দায়ে দোষী।

অপরাধের গুরুত্ব কম বিবেচনা করে তার সাজাও কমিয়ে ১৫ মাস করা হয়েছে। তবে বিবিসি স্পোর্টকে সূত্র জানিয়েছে, ম্যাগুয়ার নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করবেন। আইনের মাধ্যমে নিজের নাম পরিষ্কার করতে চান বলেই আদালতের বাইরে সমঝোতার কয়েকটি সুযোগও নাকচ করেছেন তিনি।

৩২ বছর বয়সী এই ডিফেন্ডার অসুস্থতার কারণে রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়লেও বুধবার ম্যানচেস্টার ইউনাইটেড–এর স্কোয়াডে রয়েছেন। প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর