বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’—উত্তর কোরিয়াকে নিয়ে বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’—উত্তর কোরিয়াকে নিয়ে বাংলাদেশ কোচ

চলমান নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এই গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন চীন এবং সাবেক শিরোপাজয়ী উত্তর কোরিয়া। টুর্নামেন্টে অংশ নেওয়া ১২ দলের মধ্যে ফিফা র‌্যাংকিংয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে উত্তর কোরিয়া, যাদের অবস্থান সপ্তম। এমন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী ও কৌশলী অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তিনবারের এশিয়া কাপ জয়ী দলের বিপক্ষে মাঠে নামার আগে লাল-সবুজ প্রতিনিধিরা কেবল ভাগ্যের ওপর নয়, বরং নিজেদের দক্ষতা ও কঠোর পরিশ্রমের ওপরই ভরসা রাখছেন।

সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাটলার প্রতিপক্ষের শক্তির প্রশংসা করলেও নিজের দলের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা এখানে উত্তর কোরিয়ার মতো খুব শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যিই খুব প্রতিভাধর একটি দল। আপনি যদি তাদের ফিফা র‍্যাঙ্কিংয়ে তাকান (৯ নম্বর, এশিয়ায় জাপানের পর দ্বিতীয়), তাহলে বুঝতে পারবেন তারা সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট।’


বিজ্ঞাপন


তবে শক্ত প্রতিপক্ষের ভয়ে শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে চান না বাংলাদেশ কোচ। বাটলার স্পষ্ট করে জানিয়েছেন, গোল হজমের আশঙ্কা থাকলেও তিনি চান তার খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে সক্রিয় থাকুক এবং সুযোগ পেলে আক্রমণাত্মক ফুটবল খেলুক। আগামী ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এর আগে চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স অনেকের নজর কাড়ে। সেই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দিতে প্রস্তুত দলটি। অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, কোচের পরিকল্পনা অনুযায়ী মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তারা। ফল যাই হোক, লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নয় দল।

‘কীভাবে তাদের থামানো যায়…ভালো প্রশ্ন। শুনুন, আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আই হ্যাভ আ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাইও, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল সক্রিয়ভাবে খেলুক, শুধু রক্ষণাত্মক না হয়ে।’

কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দানা বাঁধলেও বাটলার এখনই আকাশকুসুম কল্পনা করতে রাজি নন। তিনি সরাসরি বলেন, ‘না, আমি তা মনে করি না (কোয়ার্টার ফাইনাল)। আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার একটি শিক্ষামূলক সুযোগ। আমি শুধু চাই খেলোয়াড়েরা মাঠে গিয়ে তাদের সেরাটা দিক এবং সততা ও নিষ্ঠার সাথে খেলুক।’


বিজ্ঞাপন


এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং প্রধান মাহফুজা আক্তারের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। চীনের ফুটবলারদের নিয়ে করা সেই মন্তব্যকে ‘ভুল ও অসম্মানজনক’ বলে উল্লেখ করেন বাটলার। তার মতে, পেশাদার ফুটবলে এমন মন্তব্যের কোনো জায়গা নেই। তিনি বলেন, এসব বিষয় নিয়ে ভাবার চেয়ে তার মূল মনোযোগ এখন দলের পারফরম্যান্স এবং খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত রাখার দিকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর