এএফসি উইমেন্স এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল চীনের কাছে ০-২ গোলে পরাজিত হয়েছে। নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে এমন সংকীর্ণ ব্যবধানে হারের পর বাংলাদেশের খেলোয়াড়দের লড়াইয়ের প্রশংসায় মুখর হয়েছে ফুটবল মহল। বিশেষ করে আফিদা, ঋতুপর্ণাসহ মেয়েদের সাহসী ও অনুপ্রাণিত পারফরম্যান্স সবার নজর কেড়েছে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন প্রতিরোধ গড়ে তোলায় দেশজুড়ে উচ্ছ্বাস ছড়িয়েছে। তবে এই প্রশংসার মাঝেই বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের একটি মন্তব্য।
বিজ্ঞাপন
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘মেয়েরা ভালো খেলেছে এতে কোনো সন্দেহ নেই। তবে কম ব্যবধানে হারের কারণ হলো- শুধুমাত্র চীনের দল যেহেতু অনেক বেশি বয়স্ক, দেখবেন তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে গেছে। তাদের খেলোয়াড়েরা অনেক বয়স্ক, সেটি দেখলেই বোঝা যাচ্ছে এবং তারা ফর্মে নেই।’
এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার। পরের দিনের প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে তিনি কিরণের কথাকে চরম ‘ননসেন্স’ বলে আখ্যায়িত করেন। বাটলারের মতে, ‘এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো— এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত, শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের দলের প্রতিও।’
চীন দলের শক্তি তুলে ধরতে গিয়ে বাটলার বলেন, ‘ওটা (চীন) একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের (স্পোর্টস একাডেমি) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের (স্পোর্টিং ক্লাব) মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তাঁর (কিরণ) পক্ষ থেকে এটি অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল। যদিও আমি এটিই তাঁর কাছ থেকে প্রত্যাশা করি।’
যদিও বাটলার তার কথায় কিছুটা হতাশা প্রকাশ করেন যে, এমন মন্তব্য তার কাছ থেকে অপ্রত্যাশিত নয়। তবে ম্যাচের পারফরম্যান্স নিয়ে তিনি খুশি, তার যুব দল এশিয়ান কাপে অভিষেকে দারুণ লড়াই দেখিয়েছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক লক্ষণ।

