‘ক্রিকেটের চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার বোলারদের একাই তুলোধুনা করলেন নিউজিল্যান্ডের ওপেনার ফিল অ্যালেন। ডানহাতি এ ব্যাটারের বিধ্বংসী সেঞ্চুরিতে মারকারাম-ডি ককদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেল ব্ল্যাক ক্যাপসরা।
বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনস মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের টার্গেটে খেলতে নেমে কিউই ওপেনার ফিন অ্যালেন একাই করেছেন অপরাজিত ১০০ রান। তার জন্য খেলেছেন মাত্র ৩৩টি বল। এর মধ্যে চার মেরেছেন ১০টি আর ছক্কা ৮টি। ম্যাচ শেষে সেরা খেলোয়ারও হয়েছেন তিনিই।
বিজ্ঞাপন
অ্যালেনের এই দানবীয় ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারের ৪৩ বল এবং ৯ উইকেট হাতে রেখে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কিউইদের একমাত্র আউট হওয়া ব্যাটার টিম শেফার্ট ৭টি চার এবং দুটি ছয়ে করেন ৩৩ বলে ৫৮ রান। এছাড়া রাচিন রবীন্দ্র অপরাজিত থাকেন ১৩ রানে।
এর আগে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি পায়। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০, যা তারা খুব সহজেই টপকে যায়।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ রান আসে সাত নম্বরে নামা অলরাউন্ডার মার্কো জানসেনের ব্যাট থেকে। তিনি ৩০ বল থেকে অপরাজিত ৫৫ রান করেন। যার মধ্যে ছিল দুটি চার এবং পাঁচটি বিশাল ছক্কার মার। এছাড়া ডেঅল্ড ব্রেভিস ৩৪, ত্রিস্টান স্টুবস ২৯, অধিনায়ক এইডেন মারকারাম ১৮ এবং কুইন্টন ডি কক ১০ রান করেন।
বিজ্ঞাপন
এদিকে বৃহস্পতিবার (৫ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে যে দল জিতবে, আগামী ৮ মার্চ তারাই ফাইনাল খেলবে প্রথম সেমিতে জেতা নিউজল্যান্ডের বিপক্ষে। এখন দেখার, ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ হিসেবে পায় কিউইরা, ভারত নাকি ইংল্যান্ড।
এএইচ

