ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে এক হাজার রুপি জরিমানা গুনেছেন বলে জানা গেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাফিক পর্যবেক্ষণ ব্যবস্থায় ধরা পড়ার পর তার বিরুদ্ধে মোটরযান আইনের ১৮৩ ধারায় ই–চালান জারি করা হয়। এরপরই জরিমানার নোটিশ পান এই তারকা ক্রিকেটার।
বিজ্ঞাপন
এদিকে ধোনিকে আবার মাঠে দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–এর ২০২৬ মৌসুমে। আগামী মার্চের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্টের। সেখানে চেন্নাই সুপার কিংস–এর জার্সিতেই খেলবেন ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার। রোববার নতুন মৌসুমের জার্সি উন্মোচন করেছে চেন্নাইভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে নতুন জার্সি দেখানো হয়।
গত আসরে অবশ্য খুব একটা ভালো করতে পারেনি চেন্নাই। ২০২৫ মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে ১০টিতে হেরে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে শেষ করে দলটি। তবে নতুন মৌসুমের আগে দলে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে চেন্নাই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারান এর বদলে উইকেটকিপার–ব্যাটার সঞ্জু স্যামসনকে দলে নেওয়া।
ধোনি আরেকটি মৌসুম খেলতে নামায় এবার ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নামবে চেন্নাই। গত মৌসুমে অবশ্য ধোনির পারফরম্যান্স ছিল কিছুটা ম্লান। ১৩ ইনিংসে তিনি করেন ১৯৬ রান, গড় ২৪.৫০ এবং স্ট্রাইক রেট ১৩৫.১৭। সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩০। অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় ইনজুরিতে পড়ায় কয়েক ম্যাচে দলকে নেতৃত্বও দেন ধোনি।
তবে গত মৌসুমে তরুণ কয়েকজন ক্রিকেটারের উত্থান ছিল চেন্নাইয়ের জন্য ইতিবাচক দিক। এর মধ্যে ছিলেন দেওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মথরে এবং উর্বিল প্যাটেল।
বিজ্ঞাপন
নতুন মৌসুমের আগে আরও দুটি বড় চুক্তিও করেছে চেন্নাই। উত্তর প্রদেশের অলরাউন্ডার প্রশান্ত ভীর এবং রাজস্থানের উইকেটকিপার কার্তিক শর্মাকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে তারা। এতে দুজনই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি আনক্যাপড খেলোয়াড়ে পরিণত হয়েছেন।

