বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার ইচ্ছাকৃতভাবে তার মুখে আঘাত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন গেতাফের ডিফেন্ডার দিয়েগো রিকো। মঙ্গলবার স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপেকে দেওয়া এক সাক্ষাৎকারে রিকো বলেন, রুডিগার যেন ইচ্ছে করেই তার মুখে হাঁটু দিয়ে আঘাত করতে গিয়েছিলেন।

সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১–০ গোলে হারায় গেতাফে। ম্যাচের প্রথমার্ধেই দুই ডিফেন্ডারের মধ্যে সেই বিতর্কিত ঘটনাটি ঘটে। একটি মুহূর্তে জার্মান ডিফেন্ডার রুডিগারের হাঁটু রিকোর মাথায় লাগে, যা নিয়ে গেতাফের খেলোয়াড়রা ক্ষোভ প্রকাশ করেন।


বিজ্ঞাপন


রিকোর দাবি, ঘটনাটি দুর্ঘটনা ছিল না। তার ভাষায়, “এ ধরনের পরিস্থিতিতে বোঝা যায় এটা আক্রমণাত্মক আচরণ। স্পষ্টই মনে হয়েছে সে ইচ্ছে করেই আমার দিকে এসেছে।” তিনি আরও বলেন, “এর আগের একটি ঘটনায় রেফারি ফাউল দিয়েছিলেন। তখন সে কিছু কথা বলছিল। এরপর পরের খেলায় বলটা যখন আমার কাছে আসে, তখন দেখা যায় সে প্রায় নিজের সতীর্থকেও সরিয়ে দিয়ে আমার মুখে আঘাত করতে আসে।”

রিকোর মতে, আঘাতটা আরও খারাপভাবে লাগলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। “ভুলভাবে লাগলে হয়তো আমি মাঠেই পড়ে থাকতাম,” বলেন তিনি। তবে ঘটনাটির পরও খেলা চালিয়ে যেতে পেরেছিলেন রিকো। তার দাবি, একই কাজ তিনি করলে হয়তো পুরো মৌসুমের বাকি সময় নিষিদ্ধ থাকতে হতো।

এই ম্যাচে হারের ফলে লা লিগায় টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ। ফলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। উল্লেখ্য, গত মৌসুমে কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের ম্যাচে রেফারির দিকে বস্তু নিক্ষেপ করার ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন রুডিগার। মঙ্গলবার তার ৩৩তম জন্মদিনও ছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর