বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

জিতেও কোপা থেকে বিদায় বার্সার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

জিতেও কোপা থেকে বিদায় বার্সার

কোপা ডেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখিয়েছিল বার্সেলোনা। প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয় কাতালানরা। তবে শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে জায়গা করে নেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। ২০১২-১৩ মৌসুমের পর এই প্রথমবার তারা উঠল কোপার ফাইনালে। 

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নেয় তারা, যার ৮টি ছিল লক্ষ্যভেদী। কর্নার আদায় করে ১৫টি, বিপরীতে অ্যাটলেটিকো একটি কর্নারও পায়নি। পরিসংখ্যান বলছে, ম্যাচে আধিপত্য ছিল পুরোপুরি বার্সারই।


বিজ্ঞাপন


তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত। তরুণ তারকা লামিন ইয়ামাল পাস থেকে প্রথম গোলটি করেন মার্ক বের্নাল। বিরতির ঠিক আগে পেনাল্টি পায় বার্সা-ডি-বক্সে পেদ্রিকে ফাউল করা হলে স্পট কিক থেকে ব্যবধান বাড়ান রাফিনাহ।

দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ায় স্বাগতিকরা। ৭২ মিনিটে জোয়াও ক্যান্সেলোর অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বের্নাল। তখন দুই লেগ মিলিয়ে সমতায় ফেরার দ্বারপ্রান্তে ছিল বার্সা। কিন্তু কাঙ্ক্ষিত আরেকটি গোল না পাওয়ায় স্বপ্নভঙ্গ হয় তাদের।

সব মিলিয়ে দ্বিতীয় লেগ ৩-০ গোলে জিতলেও প্রথম লেগের বড় ব্যবধান পুষিয়ে নিতে পারেনি বার্সেলোনা। ফলে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হয় সেমিফাইনালেই। অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ এক গোলের সামান্য ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট কেটে নেয়।

উল্লেখ্য, দীর্ঘ সময় পর এবার কোপা ডেল রে ফাইনালে থাকছে না রিয়াল বা বার্সেলোনা, স্পেনের দুই পরাশক্তির কেউই। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাতলেটিকো ক্লাব। এপ্রিল মাসে সেভিয়ায় অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর