মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

বোর্ডের দায়িত্ব ছাড়লেন এই নির্বাচক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

বোর্ডের দায়িত্ব ছাড়লেন এই নির্বাচক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে নতুন আলোচনা। দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাতীয় নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে দলের ভরাডুবির পর নির্বাচক প্যানেলে নিজের মতামত যথাযথ গুরুত্ব না পাওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন তিনি। যদিও পিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবুও বিষয়টি ঘিরে ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে জোর গুঞ্জন।


বিজ্ঞাপন


খবরে আরও বলা হয়েছে, বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন নিয়ে আলিম দারের সঙ্গে কমিটির অন্য সদস্যদের মতপার্থক্য ছিল। বিশেষ করে শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিমকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিলেন তিনি। তবে তার প্রস্তাব গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন এই অভিজ্ঞ আম্পায়ার।

এর আগে পাকিস্তানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বিশ্বকাপে ব্যর্থতার দায়ে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। যদিও এ তথ্যও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও এটি দলীয় পরিবেশ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্বে নামিবিয়া ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয়। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার তাদের যাত্রায় বড় ধাক্কা দেয়।

সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের আশা অনেকটাই ক্ষীণ হয়ে পড়ে। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও জয়ের ব্যবধান কম হওয়ায় সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয় দলটিকে।


বিজ্ঞাপন


আলিম দারের সরে দাঁড়ানো পাকিস্তান ক্রিকেটে নতুন করে সংস্কারের প্রশ্ন তুলেছে। নির্বাচক কমিটির পুনর্গঠন, নেতৃত্বে পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়গুলো এখন আলোচনার কেন্দ্রে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর