সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

অনিশ্চয়তার মুখে পাকিস্তানের বাংলাদেশ সফর, বিসিবি যা বলছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

অনিশ্চয়তার মুখে পাকিস্তানের বাংলাদেশ সফর, বিসিবি যা বলছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং পাকিস্তান-আফগানিস্তানের সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে প্রশ্ন উঠেছে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফর ঘিরে। নির্ধারিত সূচি অনুযায়ী ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নিরাপত্তা ও ভ্রমণ সংক্রান্ত অনিশ্চয়তায় সফরটি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

পরিকল্পনা অনুযায়ী, একদিন অনুশীলনের পর ১১ মার্চ শুরু হওয়ার কথা প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১৩ ও ১৫ মার্চ। তবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না এলে সফর স্থগিতও হতে পারে।


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমটির সূত্র বলছে, ভ্রমণ নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল দল বাংলাদেশে আসবে। এই অনিশ্চয়তার কারণেই এখনো সিরিজের দল ঘোষণা করা হয়নি। যদিও দুই বোর্ড পিসিবি ও বিসিবি সূচি ঠিক রাখার লক্ষ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য ফ্লাইট ও ভ্রমণ পরিকল্পনা নিয়েও কাজ করছে পিসিবি, এমনটায় জানায় বিসিবির একটি সূত্র।

এদিকে ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নজমুল আবেদীন বলেছেন, সিরিজ স্থগিতের বিষয়ে পিসিবি কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।

নজমুল আবেদীন বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিকল্পনায় কোনো পরিবর্তন আনছে কি না, সে বিষয়ে বোর্ড এখনো কিছু জানে না।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে তারা ভ্রমণ করতে পারবে না, তাহলে আমাদের কিছু করার থাকবে না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পিসিবির কাছ থেকে আমরা কোনো আনুষ্ঠানিক চিঠি বা যোগাযোগ পাইনি।”


বিজ্ঞাপন


তিনি আরও যোগ করেন, নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের জন্য বিসিবি পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আসন্ন ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দলে পুনর্গঠনের আলোচনা জোরদার হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

সূত্রের দাবি, ধারাবাহিক পারফরম্যান্সে পিছিয়ে থাকা কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের জায়গায় তরুণদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছেন বাবর আজম, সাইম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজ।

অন্যদিকে, সামনে আপাতত কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ না থাকায় সংক্ষিপ্ত সংস্করণে তাৎক্ষণিক বড় রদবদলের সম্ভাবনা কম। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে ধীরে ধীরে পাঁচ থেকে ছয়জন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা থাকতে পারে।

পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠে সেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। এটি ছিল পেসার শাহীন আফ্রিদি নেতৃত্বে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। এর আগে তার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর