সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

আঞ্চলিক উত্তেজনায় অনিশ্চিত পাকিস্তানের বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

আঞ্চলিক উত্তেজনায় অনিশ্চিত পাকিস্তানের বাংলাদেশ সফর

চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে না থাকলে সিরিজটি স্থগিত বা বাতিলও হতে পারে।

আগামী ৯ মার্চ পাকিস্তান দলের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সূচি অনুযায়ী, ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তা ও ভ্রমণঝুঁকি বাড়লে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বদলাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


বিজ্ঞাপন


এদিকে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দল পুনর্গঠনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আসন্ন বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। সেই পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

সূত্র বলছে, ধারাবাহিকভাবে ভালো করতে না পারা কয়েকজন প্রথম সারির ক্রিকেটারকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় আছেন বাবর আজম, সাইম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজ।

তবে আপাতত পাকিস্তানের সামনে কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ না থাকায় সংক্ষিপ্ত সংস্করণের দলে তাৎক্ষণিক বড় পরিবর্তনের সম্ভাবনা কম। যদিও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ধীরে ধীরে পাঁচ থেকে ছয়জন ক্রিকেটারকে দল থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে।

উল্লেখ্য, পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠে সেই সিরিজে তারা ৩-০ ব্যবধানে জয় পায়। এটি ছিল পেসার শাহিন আফ্রিদির নেতৃত্বে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। এর আগে তার অধিনায়কত্বে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর