শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা

আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট পর্ব অপরাজিত থেকেই শেষ করল দক্ষিণ আফ্রিকা। রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লড়াকু জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারেই সিকান্দার রাজার দ্বিতীয় বলে শূন্য রানে আউট হন ওপেনার কুইন্টন ডি কক।

কিছুক্ষণ পর আবারও আঘাত হানেন রাজা। মাত্র ৫ বলে ৪ রান করে ফিরে যান অধিনায়ক এইডেন মার্করাম। ২.৫ ওভারে ১৪ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর ইনিংস সামলানোর চেষ্টা করেন রায়ান রিকেলটন ও ডিওয়াল্ড ব্রেভিস। দুজন মিলে ভালো একটি জুটি গড়েন, যেখানে বেশি রান আসে রিকেলটনের ব্যাট থেকে।


বিজ্ঞাপন


তাদের ২৯ রানের জুটি ভাঙেন ব্র্যাড ইভানস। ২২ বলে চারটি ছক্কায় ৩১ রান করে আউট হন রিকেলটন। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ৫.৫ ওভারে ৩ উইকেটে ৪৩। এরপর ব্রেভিস বাউন্ডারিতে রান তুলতে থাকেন। তার সঙ্গে যোগ দেন ডেভিড মিলার। দুজনের জুটিতে ৫০ পার করে দক্ষিণ আফ্রিকা। তবে ইনিংসের ১০ম ওভারের শেষ বলে মিলারকে ফেরান মুজারাবানি। ১৬ বলে দুটি চার ও দুটি ছক্কায় ২২ রান করেন মিলার।

এরপর আবারও আঘাত করেন সিকান্দার রাজা। ১৮ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলা ব্রেভিসকে ফিরিয়ে দেন তিনি। ১০.৪ ওভারে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে তখন চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ট্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডে ধীরে ধীরে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ১৮তম ওভারেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। স্টাবস ২৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন, আর লিন্ডে ২১ বলে দুটি চার ও একটি ছক্কায় করেন ৩০ রান।

এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তোলে জিম্বাবুয়ে। দলের হয়ে অসাধারণ ইনিংস খেলেন অধিনায়ক সিকান্দার রাজা। জিম্বাবুয়ে শুরুটা ভালোই করেছিল। প্রথম ওভার থেকেই ১৩ রান আসে। তবে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ৭ রান করে আউট হন উইকেটকিপার ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি, তাকে ফেরান কওয়েনা মাফাকা।

এরপর অ্যানরিখ নর্টজে ফেরান ব্রায়ান বেনেটকে। ১৩ বলে একটি চার ও একটি ছক্কায় ১৫ রান করেন তিনি। তখন জিম্বাবুয়ের স্কোর ৪.৩ ওভারে ২ উইকেটে ২৮। ডিওন মায়ার্সকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেন রাজা। দুজন মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ৫০ পার করান। তবে ১৬ বলে ১১ রান করা মায়ার্সকে আউট করে সেই জুটি ভাঙেন জর্জ লিন্ডে।


বিজ্ঞাপন


এরপর দ্রুতই আউট হন রায়ান বার্ল ও টনি মুনিয়ঙ্গা। তারা যথাক্রমে ৫ ও ২ রান করে ফেরেন লুঙ্গি এনগিডি ও করবিন বোশের বলে। শেষ পর্যন্ত দুর্দান্ত ৭৩ রান করেন সিকান্দার রাজা। ৪৩ বলে তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। ১৬.৩ ওভারে তার বিদায়ে জিম্বাবুয়ের স্কোর হয় ১২৬/৬। পরে ব্র্যাড ইভানসকে (১১ বলে ৮) আউট করে নিজের দ্বিতীয় উইকেট নেন করবিন বোশ। শেষ দিকে ২০ বলে তিন চারে ২৬ রানে অপরাজিত থাকেন ক্লাইভ মাদান্দে। দক্ষিণ আফ্রিকার হয়ে কওয়েনা মাফাকা ও করবিন বোশ দুটি করে উইকেট নেন। এছাড়া জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিডি ও অ্যানরিখ নর্টজে একটি করে উইকেট পেয়েছেন। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। উড়তে থাকা প্রোটিয়ারা আজ জিম্বাবুয়েকে হারিয়ে সুপার এইট থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। সেমিতে দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর