পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে না পারায় দেশটির ক্রিকেট মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টে নামলেও শেষ পর্যন্ত চার দলের লড়াইয়ে থাকতে পারেনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আর এ ব্যর্থতার পর সরব হয়েছেন সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।
আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সরাসরি প্রশ্ন তোলেন দেশের ক্রিকেট কাঠামো নিয়ে। তার মতে, এত বড় জনসংখ্যার একটি দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে পাকিস্তান পিছিয়ে আছে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, সর্বোচ্চ পর্যায়ে কেন নিয়মিত মানসম্পন্ন ক্রিকেটার উঠে আসছে না; এ বিষয়টি গুরুত্বসহকারে ভাবার সময় এসেছে।
বিজ্ঞাপন
শুধু খেলোয়াড় তৈরিই নয়, জাতীয় দলের মর্যাদা ও ধারাবাহিকতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই অলরাউন্ডার। তার প্রশ্ন দলের হারানো মান ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার দায়িত্ব নেবে কে? দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া সাফল্য সম্ভব নয় বলেও ইঙ্গিত দেন তিনি।
আফ্রিদি লেখেন, 'এটি পাকিস্তানে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবার একটি মুহূর্ত। আমাদের মতো বিশাল জনসংখ্যার একটি দেশ কীভাবে সর্বোচ্চ পর্যায়ে মাত্র এগারো জন গড়পড়তা মানের খেলোয়াড় তৈরি করছে?' এই অলরাউন্ডার আরও বলেন,'পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মর্যাদা ও মান পুনরুদ্ধারের দায়িত্ব কে নেবে?'
তবে সেমিফাইনালে ওঠা দলগুলোর প্রশংসা করতেও ভোলেননি আফ্রিদি। তার ভাষ্য, যারা শেষ চারে উঠেছে তারা নিজেদের যোগ্যতাতেই জায়গা করে নিয়েছে এবং অন্যদের জন্য একটি মানদণ্ড তৈরি করেছে। 'যেসব দল সেমিফাইনালে পৌঁছেছে, তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই সেখানে উঠেছে। মানদণ্ড স্থাপন করার জন্য তাদের অভিনন্দন।'
এসটি

