জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন মনে করছেন, রবার্ট লেভানডোভস্কির এক মৌসুমের বুন্দেসলিগা গোলের রেকর্ড তার হাতের নাগালে। শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ী হওয়ার ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক দুই গোল করে এই সম্ভাবনা আরও জোরদার করেছেন।
কেইন প্রথমে একটি স্মার্ট ফিনিশ করেন এবং পরে পেনাল্টি থেকে গোল করেন, যা বায়ার্নকে পিছিয়ে থাকা অবস্থান থেকে ফিরিয়ে আনে এবং ডর্টমুন্ডের শিরোপা চ্যালেঞ্জ শেষ করে দেয়। এই গোলের ফলে কেইন ধারাবাহিক চতুর্থ লিগ ম্যাচে দুটি গোল করেন এবং মৌসুমের মোট গোলের সংখ্যা ৩০-এ পৌঁছে, যা লেভানডোভস্কির ৪১ গোলের রেকর্ড থেকে মাত্র ১১ গোল দূরে। লেভানডোভস্কি এই রেকর্ড করেছিলেন ২০২০-২১ মৌসুমে।
বিজ্ঞাপন
কেইন বলেছেন, "আমি ভালো মুহূর্তে আছি। আমাকে যা করছি, তা চালিয়ে যেতে হবে। আমি নিশ্চিত যে, মৌসুমের ১০ ম্যাচ বাকি থাকলেও রেকর্ড ভাঙতে পারব।" তিনি আরও যোগ করেছেন, "এখন এটা প্রায় প্রতিটি ম্যাচের পরে প্রশ্ন হয়ে যায়, কিন্তু এখনও অনেক ম্যাচ বাকি আছে। আমাকে এই সময়ের মধ্যে ধারাবাহিক হতে হবে। এপ্রিল শেষ বা মে শুরুতে দেখা যাবে, সম্ভব কি না।"
লেভানডোভস্কি জার্মান স্ট্রাইকার জার্ড মুলারের রেকর্ড ভেঙেছিলেন। মুলারের ১৯৭১-৭২ মৌসুমে লিগে ৪০ গোলের রেকর্ড অনেকের কাছে অজেয় মনে হত, কিন্তু লেভানডোভস্কি তা অতিক্রম করেন। ৩২ বছর বয়সী কেইন এই মরশুমে সব প্রতিযোগিতায় ৪৫ গোল করেছেন, যা তার ক্যারিয়ারের সেরা, এবং মৌসুমের এক-তৃতীয়াংশ এখনও বাকি।
তিনি বলেন, "কখনও কখনও স্ট্রাইকার হিসেবে এমন সময় আসে যখন যা কিছু আপনি স্পর্শ করেন, সবই নেটে চলে যায়- আপনি তা ভালোভাবে ফিনিশ করুন বা না করুন।" বায়ার্নের এই জয়ের ফলে তারা ডর্টমুন্ডের থেকে ১১ পয়েন্ট এগিয়ে এবং আরেকটি লিগ শিরোপার পথে স্থিতিশীল। তবে কেইন সতর্ক করেছেন, দলকে এখনো পূর্ণ মনোযোগ রাখতে হবে।
তিনি বলেছেন, "আমি মনে করি না এটা শেষ। কয়েক সপ্তাহ আগে আমাদের ১১ পয়েন্টের লিড ছিল, আর আমরা দেখেছি দুটি ফলাফলের মধ্যেই পরিস্থিতি কত দ্রুত পরিবর্তিত হতে পারে।" তিনি আরও যোগ করেছেন, "তাই আমাদের ফোকাস রাখতে হবে। এটা স্পষ্টভাবেই একটি বড় ম্যাচ ছিল, আমাদের জন্য বড় মোমেন্টাম শিফট। আমরা ভালো অবস্থানে আছি।"

