রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

নেতৃত্ব ছাড়ার বিষয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

নেতৃত্ব ছাড়ার বিষয়ে মুখ খুললনে পাকিস্তান অধিনায়ক

আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে পাকিস্তানের বিদায়ের পর দলটির টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে জয়ের পরও সেমিফাইনালে উঠতে না পারায় নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে পাকিস্তান দলে। শনিবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আগাকে সরাসরি প্রশ্ন করা হয়- তিনি কি অধিনায়কত্ব ছাড়বেন, নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সরিয়ে দিতে পারে?

জবাবে শান্ত থাকার আহ্বান জানান পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, “এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিলে তা পুরোপুরি আবেগের বশে নেওয়া হবে। আমরা দেশে ফিরব, দুই থেকে চার দিন সময় নেব, তারপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।” ২০২৫ সালের মার্চে মোহাম্মদ রিজওয়ানের জায়গায় পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক হন আগা। তার নেতৃত্বে দলটি এখন পর্যন্ত ৫০টি টি–টোয়েন্টি খেলেছে, যার মধ্যে ৩১টিতে জয় এবং ১৮টিতে হার হয়েছে। প্রায় ৬২ শতাংশ জয়ের হার থাকলেও বড় টুর্নামেন্টে সাফল্যের ঘাটতি তার নেতৃত্বকালকে প্রশ্নের মুখে ফেলেছে।


বিজ্ঞাপন


২০২৫ সালের এশিয়া কাপে পাকিস্তান প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চারবার হেরে বড় ধাক্কা খায় দলটি। টি–টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের কাছে আরেকটি পরাজয় পাকিস্তানের জন্য হতাশা বাড়িয়েছে। বড় ম্যাচে অল্প ব্যবধানে হারের ধারাবাহিকতাও দলটির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। সুপার এইটের গ্রুপ–২ এ তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের শুধু জিতলেই চলত না, বড় ব্যবধানে জিততে হতো যাতে নিউজিল্যান্ডের নেট রানরেট টপকে যাওয়া যায়। শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার সিদ্ধান্তে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৮ উইকেটে ২১২ রান। ইনিংসের ভিত গড়ে দেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান।

দুজন মিলে গড়েন ১৭৬ রানের রেকর্ড জুটি। ফখর ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করে আউট হন। আর ফারহান ৬০ বলে ৯ চার ও ৫ ছক্কায় করেন দুর্দান্ত ১০০ রান। বড় এই স্কোর করার পর পাকিস্তানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখা, তাহলেই সেমিফাইনালের টিকিট মিলত। তবে স্বাগতিকরা লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ২০৭ রান।

শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৮ রান। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির করা ওভারের প্রথম চার বলে টানা তিনটি ছক্কা ও একটি চার মারেন অধিনায়ক শানাকা। তবে শেষ দুই বলে কোনো রান দেননি শাহিন। তাতে ম্যাচটি জিতলেও পাকিস্তানের সেমিফাইনালের আশা আর বাঁচেনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর